ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে ঘিরে চলা উত্তেজনা মোকাবিলায় আমেরিকার সুস্পষ্ট কৌশল না থাকায় উপসাগরীয় দেশগুলির মধ্যে অসন্তোষ বাড়ছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের জেরে গাল্ফ অঞ্চলের দেশগুলি একদিকে যেমন ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় রয়েছে, তেমনই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তাদের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ইরান এবং পশ্চিম এশিয়ায় তার মিত্র শক্তিগুলির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, আমেরিকার সঙ্গে বিরোধে জড়িত কয়েকটি দেশ সংঘাতের ইতি টানতে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য চুক্তিতে ওয়াশিংটনের শর্ত মেনে নেওয়ারও ইঙ্গিত দিয়েছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহে উপসাগরীয় মিত্র দেশগুলি যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর চেয়েছে। পাশাপাশি সংঘাত চলতে থাকলে মার্কিন সেনাবাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করবে—এমন আশ্বাসও তারা দাবি করেছে।
পরিকল্পিত হামলা আপাতত বন্ধ
শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পরে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় চালু করার উদ্যোগে মধ্যস্থতাকারীদের অগ্রগতি এবং একাধিক উপসাগরীয় দেশের পক্ষ থেকে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বানের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় অনুযায়ী রবিবার ভোরে ট্রাম্প সামাজিক মাধ্যমে এই ঘোষণা করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন আরও জানিয়েছে, এই পদক্ষেপ ট্রাম্পের পরিচিত রাজনৈতিক কৌশলেরই প্রতিফলন। তিনি একদিকে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন, অন্যদিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকেও সামনে রাখেন।
জারি রয়েছে কূটনৈতিক তৎপরতা
আমেরিকা ও ইরানের মধ্যে আরও একটি যুদ্ধবিরতি কার্যকর করতে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সক্রিয় রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্যে ইরানের কাছে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়।
সূত্রের খবর, ইরানের কূটনৈতিক মহল ওই প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে, ফলে সম্ভাব্য সমঝোতার আশা আরও জোরদার হয়েছে। যদিও শেষ পর্যন্ত তেহরান আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।







