বিশ্ব

চাঁদের বুকে ধাক্কা SpaceX-এর Falcon 9-এর ধ্বংসাবশেষ, তৈরি হচ্ছে নতুন বিশাল গহ্বর

চাঁদের পৃষ্ঠে সজোরে আছড়ে পড়েছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটের একটি পরিত্যক্ত অংশ। এই ঘটনার ফলে পৃথিবীর কোনও ক্ষতির আশঙ্কা না থাকলেও, চাঁদের মাটিতে একটি নতুন গহ্বর তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

প্রায় পাঁচতলা বাড়ির সমান আকারের রকেটের অংশটি চাঁদের বুকে আঘাত হানে। আছড়ে পড়ার সময় সেটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮,৬৯০ কিলোমিটার। প্রবল অভিঘাতে কয়েক মাইল উঁচু পর্যন্ত ধুলোর মেঘ তৈরি হলেও সূর্যের আলোর কারণে পৃথিবী থেকে তা খালি চোখে দেখা সম্ভব হয়নি। তবে এই সংঘর্ষের ফলে চাঁদের মাটিতে স্থায়ী চিহ্ন তৈরি হয়েছে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, এই আঘাতে প্রায় ৬০ ফুট চওড়া এবং ১২ ফুট গভীর একটি নতুন গহ্বর সৃষ্টি হতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে, আঘাতের আগে ও পরের ছবি প্রকাশ করা হবে, যাতে পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যায়।

চাঁদে আছড়ে পড়া অংশটি ছিল Falcon 9 রকেটের উপরের ধাপ বা আপার স্টেজ। ২০২৫ সালে একটি মহাকাশ অভিযানে এটি চাঁদের কক্ষপথে পাঠানো হয়েছিল। ল্যান্ডারকে পৃথিবীতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় জ্বালানি ব্যয় হয়ে যাওয়ায় রকেটের এই অংশটি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর সেটি দীর্ঘদিন চাঁদের কক্ষপথে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল।

বিজ্ঞানীদের মতে, এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত মহাকাশযানের ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ঘর্ষণের ফলে পুড়ে যায়। যদিও কিছু ক্ষেত্রে তার অংশবিশেষ স্থলভাগ বা সমুদ্রে পড়ে। কিন্তু এই রকেটের অংশটি যেহেতু চাঁদের কক্ষপথেই রয়ে গিয়েছিল, তাই শেষ পর্যন্ত সেটি চাঁদের পৃষ্ঠেই আছড়ে পড়ে।

SpaceX-এর NASA Science and Dragon Programs-এর ডিরেক্টর জুলিয়ানা শেম্যান জানিয়েছেন, সৌর কার্যকলাপ এবং মহাকর্ষীয় বলের সম্মিলিত প্রভাবে রকেটের অংশটি ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত আঘাত হানে। এই সংঘর্ষে চাঁদের পৃষ্ঠে ঠিক কতটা প্রভাব পড়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে আগামী দিনে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে NASA।

এই ঘটনার পর মহাকাশ আবর্জনা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫৯ সাল থেকে এখনও পর্যন্ত ৬০টিরও বেশি রকেট, স্যাটেলাইট ও ল্যান্ডার চাঁদের বুকে আছড়ে পড়েছে। বর্তমানে মানুষের তৈরি প্রায় ২০০ টন ওজনের বিভিন্ন বস্তু চাঁদের পৃষ্ঠে পড়ে রয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, মহাকাশে ক্রমবর্ধমান আবর্জনা ভবিষ্যতে শুধু চাঁদ নয়, পৃথিবীর মহাকাশ পরিবেশের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.