শিক্ষা

স্কুল-কলেজে শিক্ষকতা করতে টেট কি বাধ্যতামূলক? সংসদে কেন্দ্রের স্পষ্ট জবাব, দূর হল দীর্ঘদিনের বিভ্রান্তি

শিক্ষক নিয়োগে টেট (TET) ও সিটেট (CTET) নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষকমহল এবং চাকরিপ্রার্থীদের মধ্যে নানা প্রশ্ন ছিল। বিশেষ করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার সংসদে কেন্দ্রীয় সরকারের লিখিত জবাবে সেই ধোঁয়াশা অনেকটাই কাটল।

২২ জুলাই ২০২৬-এ রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ (NCTE)-এর নির্ধারিত নিয়মই কার্যকর থাকবে।

কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য টেট বা সিটেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে নবম-দশম, একাদশ-দ্বাদশ, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক নয়। এই স্তরগুলিতে নিয়োগ সংশ্লিষ্ট পরিষেবা বিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর নির্দেশিকা এবং সংশ্লিষ্ট নিয়োগের নিয়ম অনুসারেই সম্পন্ন হবে।

তবে জাতীয় স্তরে অবস্থান স্পষ্ট হলেও পশ্চিমবঙ্গে এখনও পুরো বিষয়টি নিয়ে জটিলতা রয়ে গিয়েছে। কারণ রাজ্যের বহু জুনিয়র হাই ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘নরমাল সেকশন’-এর আওতায় একই শিক্ষককে অষ্টম শ্রেণির পাশাপাশি নবম ও দশম শ্রেণিতেও পাঠদান করতে হয়।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একজন শিক্ষক যদি একই সঙ্গে টেট-আবশ্যিক এবং টেট-অনাবশ্যিক—দুই স্তরেই ক্লাস নেন, তাহলে তাঁর ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে? এই বিষয়টি নিয়েই শিক্ষক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শিক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, কেন্দ্রের অবস্থান স্পষ্ট হলেও পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রাজ্য শিক্ষা দফতরের আলাদা নির্দেশিকা প্রকাশ করা প্রয়োজন। তা না হলে শিক্ষক নিয়োগ, পদমর্যাদা এবং দায়িত্ব বণ্টন নিয়ে ভবিষ্যতেও বিভ্রান্তি থেকেই যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.