রাজ্য সভাপতির পদ-সহ তৃণমূলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই বিধানসভায় পৌঁছলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে নব তৃণমূল তথা বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি চন্দ্রিমা। তাঁর কথায়, “কালের যাত্রায় সবাইকেই পা মেলাতে হয়।”
শনিবার দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। একই সঙ্গে দলীয় অ্যাকাউন্টের সিগনেটরি হিসেবেও দায়িত্ব ছেড়ে দেন তিনি। তাঁর অভিযোগ, মেট্রোপলিটান ভবনকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবিরের টানাপোড়েনের জেরে তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। দীর্ঘদিনের সহযোদ্ধার ইস্তফায় রাজনৈতিকভাবে আরও চাপে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ইস্তফার কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা বিধানসভায় যান। সেখানে প্রবেশের সময় বিদ্রোহী শিবিরের বিধায়ক সন্দীপন-সহ অন্যরা তাঁকে অভ্যর্থনা জানান এবং তাঁকে ‘সিনিয়র নেত্রী’ বলে উল্লেখ করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, যেখানে বিদ্রোহী শিবিরের বিধায়কদের সঙ্গে তাঁর আলোচনা হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “কেউ যদি বিশ্বাসঘাতকদের দলে নাম লেখাতে চান, সেটা তাঁর সিদ্ধান্ত। মানুষের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকাকালীন সবচেয়ে বেশি দপ্তরের দায়িত্ব চন্দ্রিমাই পেয়েছিলেন। তখন তো কোনও অভিমান ছিল না, এখন হঠাৎ কেন?”
ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চন্দ্রিমা বলেন, “শুক্রবার মেট্রোপলিটান ভবনে কয়েকজন বিধায়ক এসেছিলেন। আমি যতক্ষণ সেখানে ছিলাম, কেউ আমার সঙ্গে কথা বলেননি। বাড়ি ফেরার পর মমতাদি ফোন করতে বলেন। ফোনে তিনি জানতে চান, আমি কি ভবনটা তাঁদের হাতে তুলে দিয়েছি? এই প্রশ্নে আমি অত্যন্ত কষ্ট পাই। আমি বলেছিলাম, দিদি, আপনি কীভাবে আমাকে এমন কথা বলতে পারলেন? তখনই মনে হয়, আমার আনুগত্য নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখন আর দায়িত্বে থাকা উচিত নয়। আমি হয়তো অনেকের প্রতি কঠোর হয়েছি, কিন্তু দলের প্রতি আনুগত্যে কখনও ঘাটতি ছিল না। তাই অত্যন্ত বেদনাহত মনেই সব দায়িত্ব ছেড়ে দিলাম।” পাশাপাশি তিনি স্পষ্ট জানান, কালীঘাটে আর যাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই।
অন্যদিকে, বিধানসভা থেকে বেরিয়ে চন্দ্রিমা বলেন, তিনি শুধুমাত্র কিছু প্রয়োজনীয় নথি জমা দিতেই সেখানে গিয়েছিলেন। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি বিধানসভায় সরকারি পক্ষের সদস্য নই। কাজের প্রয়োজনে গেলে বিরোধী পক্ষের ঘরেই বসতে হবে। এর সঙ্গে অন্য কোনও রাজনৈতিক বার্তা খোঁজার প্রয়োজন নেই।”







