সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘সোনার কেল্লা’কে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে নতুন গোয়েন্দা অ্যাডভেঞ্চার ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’। এই ৫ পর্বের রহস্যে মোড়া সিরিজটি মুক্তি পেতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী, যিনি এখানে নীলাঞ্জনের ভূমিকায় অভিনয় করেছেন।
গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, সঙ্গীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, দেবাশীষ নাথ, শাহির রাজ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু, সৌম্য মুখোপাধ্যায়, স্বর্ণাভ সাধুখা, প্রতীক রায় এবং ওঙ্কার ভট্টাচার্য প্রমুখ।
সিরিজের গল্প এক বাঙালি পরিবারের জয়সলমীর ভ্রমণ ঘিরে। রজতবাবু নামের এক ব্যাঙ্ক ম্যানেজার তাঁর পরিবারসহ ছুটি কাটাতে যান মরুভূমির শহরে, মূল আকর্ষণ হিসেবে রয়েছে ‘সোনার কেল্লা’র রহস্যময় অতীত। তবে ছুটির আনন্দে ছায়া ফেলে এক বিপজ্জনক অপরাধচক্র, যেখানে একটি মাদক দ্রব্যের প্যাকেট হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবারটি জড়িয়ে পড়ে এক জটিল ফাঁদে। রহস্য, সম্পর্ক এবং বেঁচে থাকার লড়াই নিয়ে এগোয় কাহিনি।
এই চরিত্র নিয়ে বলতে গিয়ে সব্যসাচী চৌধুরী বলেন,”এই কাজটি নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। নীলাঞ্জনের চরিত্রে দুটি দিক রয়েছে, প্রথম দিকটা আমার সঙ্গে অনেকটাই মেলে, আর দ্বিতীয়টা একেবারেই আলাদা ও চ্যালেঞ্জিং। মরুভূমির কঠিন আবহাওয়া ও প্রতিকূল বাস্তবতা মাথায় রেখে কাজটা করতে হয়েছে।” তিনি আরও বলেন,”সোনার কেল্লার ছাদে দাঁড়িয়ে সূর্য ডোবার মুহূর্তটা আজও চোখে ভাসে। সেই অভিজ্ঞতা সত্যিই যাদুকরী। জয়সলমীর সবসময়ই আমার প্রিয় জায়গা। বেলুড়মঠ থেকে বাইকে করে ওখানে গিয়েছিলাম একবার, তখন ভাবিনি আবার ফিরে যাব, তাও ১৬ দিনের শ্যুটে!” রহস্য, রোমাঞ্চ আর আবেগ মিশিয়ে তৈরি ‘জয়সলমীর জমজমাট’ এখন মুক্তির অপেক্ষায়। সত্যজিৎ রায়ের অনুপ্রেরণায় তৈরি এই সিরিজ নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাছে এক অন্যরকম গোয়েন্দা কাহিনির স্বাদ এনে দেবে।







