আম আদমি পার্টি (AAP)-র জন্য বড় ধাক্কা। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল দলটির রাজ্যসভার সাতজন সাংসদ একসঙ্গে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন। তাঁদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল।
একটি সাংবাদিক সম্মেলনে রাঘব চাড্ডা জানান, AAP-র মোট ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি এই সিদ্ধান্তে তাঁর সঙ্গে রয়েছেন এবং তাঁরা একসঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন একটি পৃথক গোষ্ঠী হিসেবে। তাঁর পাশে ছিলেন সন্দীপ পাঠক ও অশোক মিত্তল।
চাড্ডা আরও দাবি করেন, সাংসদ হরভজন সিং ও স্বাতী মালিওয়ালও দল ছাড়ছেন। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি, স্বাক্ষরিত চিঠি-সহ সমস্ত কাগজপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চাড্ডা বলেন,
“যে AAP-কে আমি রক্ত-ঘাম ঝরিয়ে তৈরি করেছি এবং যার জন্য আমার ১৫ বছরের যৌবন দিয়েছি, সেই দল আজ তার মূল আদর্শ, মূল্যবোধ ও নীতির পথ থেকে সরে গেছে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় AAP-র ডেপুটি লিডারের পদ থেকে সরানো হয়েছিল চাড্ডাকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অশোক মিত্তলকে।
দলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে চাড্ডা বলেন, “এখন AAP আর দেশের জন্য কাজ করছে না, বরং নিজেদের স্বার্থে পরিচালিত হচ্ছে। আমি নিজেকে এতদিন ভুল দলে সঠিক মানুষ বলে মনে করছিলাম।”
অন্যদিকে, সন্দীপ পাঠক বলেন, “গত ১০ বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত ছিলাম। কখনও ভাবিনি এমন পরিস্থিতি আসবে। কিন্তু আজ আমাকে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হল।”
এদিকে, গত ১৫ এপ্রিল পাঞ্জাবে অশোক মিত্তলের সঙ্গে যুক্ত ব্যবসায়িক সংস্থাগুলিতে FEMA মামলায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







