ইংল্যান্ডের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার কথা ছিল, কিন্তু জফ্রা আর্চার অনুপস্থিত। চোটে ছিটকে গিয়েছেন প্রথম টেস্ট থেকে। অথচ একই সময়ে বিগ ব্যাশ লিগের জন্য নাম নথিভুক্ত করলেন তিনি! তাতেই উঠছে প্রশ্ন—আর্চার কি টেস্টকে বিদায় জানিয়ে শুধুই সংক্ষিপ্ত ফরম্যাটে মন দিচ্ছেন?
কোমর ও কনুইয়ের পুরনো চোটে ভোগা এই গতিময় পেসার গত চার বছর ধরে কার্যত ছিটকে ছিলেন টেস্ট ক্রিকেট থেকে। আইপিএলে প্রত্যাবর্তন হলেও ফের চোট পান আঙুলে। সেই চোট পুরোপুরি সারেনি। তার মধ্যেই তিনি জানিয়েছেন, বিগ ব্যাশের পুরো মরসুমে খেলতে পারবেন। ২০১৭ ও ২০১৮ সালে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছিলেন আর্চার। আবারও সেই লিগে ফিরতে মুখিয়ে তিনি।
ইংল্যান্ডের পেস আক্রমণ ভারতের বিরুদ্ধে সিরিজের শুরুতেই চাপে। আর্চার ছাড়াও নেই উড, স্টোন, অ্যাটকিনস। দ্বিতীয় টেস্টে আর্চার ফিরবেন কি না, নিশ্চিত নয়। যদিও সাসেক্সের দ্বিতীয় দলের হয়ে তিনি কিছু ম্যাচ খেলেছেন। কিন্তু ইংল্যান্ড বোর্ড এখনও চোট নিয়ে কিছু স্পষ্ট করেনি।
তবে একটি যুক্তি অন্য পথ দেখায়। আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ—যা বিশ্বকাপের আগে ফর্মে ফেরার শেষ সুযোগ হতে পারে আর্চারের কাছে। তাই এই সিদ্ধান্তকে কৌশলগত বলেও মানছেন অনেকে। তবে চোটে ছিটকে থেকেও লিগ খেলার ইচ্ছা যে বিতর্কের জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।







