খেলাধুলা

নতুন বলে পন্থের শট নির্বাচন নিয়ে প্রশ্ন, কাইফের নিশানায় ‘ক্রিকেটীয় বোধ’

ক্রিজে ঋষভ পন্থ থাকা মানেই আগ্রাসী ব্যাটিং। ঝুঁকি নিয়ে বড় শট খেলা তাঁর স্বাভাবিক ক্রিকেটেরই অংশ। এই আক্রমণাত্মক মানসিকতা বহুবার ভারতকে সাফল্য এনে দিয়েছে। আবার দলের প্রয়োজনের সময়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে উইকেট হারিয়ে বিপদও ডেকে এনেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা সত্ত্বেও নিজের খেলার ধরন বদলাননি পন্থ।

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও একই ছবি দেখা গেল। সেই সময় উইকেটে বেশ ভালই থিতু হয়ে গিয়েছিলেন পন্থ। কিন্তু আচমকাই বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারালেন। ৬২ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ৮১তম ওভারে পন্থের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় মিড-অফে। সেখানেই ক্যাচ নিয়ে নেন শ্রীলঙ্কার ফিল্ডার। পরে ধ্রুব জুরেলের অর্ধশতরানে কিছুটা স্বস্তি পায় ভারত।

তবে পন্থের আউটের ধরন এবং শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। বিশেষ করে যে ওভারে পন্থ আউট হন, ঠিক সেই সময়ই শ্রীলঙ্কা নতুন বল হাতে নিয়েছিল।

সম্প্রচারকারী চ্যানেলে কাইফ বলেন, পন্থ যে ভাবে আউট হয়েছেন, সেটি নিয়ে তাঁর আপত্তি নেই, কারণ এটাই পন্থের স্বাভাবিক খেলা। কিন্তু নতুন বল আসার পর তাঁর সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন কাইফ। তাঁর মতে, প্রথম ওভারেই পন্থ তিন বার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। নতুন বলের পরিস্থিতিতে কয়েকটি ওভার সতর্ক হয়ে খেলার বদলে পন্থ অযথা ঝুঁকি নিয়েছেন।

কাইফের বক্তব্য, টেস্ট ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটীয় বুদ্ধি কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কোনও ব্যাটার ১৫০ রান করলেও নতুন বল হাতে এলে প্রথম কয়েকটি বল দেখে নেওয়াই স্বাভাবিক। সেখানেই পন্থের ভুল হয়েছে বলে মনে করছেন তিনি।

কাইফ আরও জানান, নতুন বল নেওয়ার পর প্রথম বলেই পন্থ যেভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তা দেখে তিনি অবাক হয়েছেন। প্রত্যেক ব্যাটারকেই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। নতুন বলের প্রাথমিক চ্যালেঞ্জ সামলে কয়েকটি ওভার টিকে থাকাই তখন বেশি জরুরি ছিল বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটারটি।

টেস্ট ক্রিকেটে আগ্রাসনের পাশাপাশি পরিস্থিতি বুঝে ঝুঁকি নেওয়ার গুরুত্বও যথেষ্ট। গলে পন্থের ইনিংসে সেই ভারসাম্যের অভাবই চোখে পড়েছে বলে মত কাইফের। নতুন বলের কয়েকটি ওভার সামলে আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ভারতের স্কোরবোর্ড হয়তো আরও শক্তিশালী জায়গায় পৌঁছতে পারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.