নিউ টাউনে আন্তর্জাতিক মানের হাসপাতাল ‘আদানি আরোগ্য নিকেতন’-এর শিলান্যাস হতে চলেছে আগামী সেপ্টেম্বরে। সবকিছু ঠিক থাকলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি নিজেই এই মেগা প্রকল্পের সূচনা করবেন।
প্রায় ৫১.৭৫ একর জমির উপর গড়ে উঠবে ১,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল। প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। এর মধ্যে ৫০০টি শয্যা রাজ্য সরকারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখা হবে।
জানা গিয়েছে, জমি ও অন্যান্য ছাড় বাবদ রাজ্য সরকারের প্রায় ১,৯৬৭ কোটি টাকা রাজস্ব মকুব হলেও প্রকল্পটির দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুফল হতে পারে বিপুল। রিপোর্ট অনুযায়ী, বছরে প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক ও সামাজিক সুবিধা মিলতে পারে।
বিনামূল্যে চিকিৎসা, ওপিডি ও ডায়াগনস্টিক পরিষেবা থেকে প্রায় ৮১৭ কোটি টাকা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান থেকে ৫৬০ কোটি এবং মেডিক্যাল ট্যুরিজম থেকে প্রায় ১,১৫৬ কোটি টাকার অর্থনৈতিক সুবিধার সম্ভাবনা রয়েছে। ভিনরাজ্যে রোগীদের যাতায়াত কমলে রাজ্যের অর্থনীতিতেও অতিরিক্ত অর্থ থেকে যাবে। ফলে এই হাসপাতাল প্রকল্প চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনীতিতেও বড় ভূমিকা নিতে পারে।







