অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন পশ্চিম মেদিনীপুরের বহু মহিলা। কিন্তু আবেদন করার প্রায় দু’মাস কেটে গেলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। শেষ পর্যন্ত শুক্রবার জেলাশাসকের দপ্তরে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে সরাসরি অভিযোগ জানালেন তাঁরা।
মহিলাদের অভিযোগ, নির্দিষ্ট নিয়ম মেনেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু অন্য অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তাঁদের ক্ষেত্রে এখনও কোনও টাকা জমা পড়েনি। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়তে থাকে।
জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভের খবর পেয়ে সেখানে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। এরপর প্রত্যেককে তাঁদের এনরোলমেন্ট নম্বর সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী।
প্রসঙ্গত, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর থেকেই টাকা না পাওয়া নিয়ে বিভিন্ন জেলায় ক্ষোভ-বিক্ষোভের খবর সামনে এসেছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেল অবরোধ—বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছেন মহিলারা।
তবে আবেদনকারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল ফের চালু হয়েছে। ফলে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদনের বর্তমান অবস্থান বা আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা দেখে নিতে পারবেন।
এদিকে নবান্নের সাম্প্রতিক বৈঠকেও অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যোগ্য উপভোক্তারা যাতে প্রকল্পের সুবিধা পান এবং প্রকল্প সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
এখন পশ্চিম মেদিনীপুরের ওই মহিলাদের মতো আরও যাঁরা টাকা পাননি, তাঁদের প্রশ্ন—আবেদন হয়ে যাওয়ার পরও কেন আটকে রয়েছে টাকা, আর কবে খুলবে ‘অন্নপূর্ণা’র দরজা?






