তারাপীঠের পর এবার খাস কলকাতার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার মধ্যরাতে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল সূত্রে খবর, রাত পৌনে ২টো নাগাদ হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নিউ মার্কেট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেলের ভিতরে একাধিক সরু গলি থাকায় আবাসিকদের বেরিয়ে আসতে যথেষ্ট সমস্যা হয়। তার উপর আগুন লাগার সময় অধিকাংশ আবাসিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। অভিযোগ, হোটেলের মূল বেরনোর পথ তালাবন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের তুলনায় ঘন ধোঁয়াই বেশি প্রাণঘাতী হয়ে ওঠে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মহিলা ও শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে ৯ জনই বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
প্রায় মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। মৃতদেহগুলি মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। ঘটনায় হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আপাতত হোটেলের ভিতরে আর কেউ আটকে নেই বলেই জানিয়েছে প্রশাসন।







