রাজধানী দিল্লিতে হাইভোল্টেজ নাটকীয় পরিস্থিতি। শুক্রবার আচমকাই পার্লামেন্ট ট্রিস্ট পুলিশ স্টেশনে হাজির হয়ে ধর্নায় বসলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন দিল্লিতে ‘সংসদ চলো’ অভিযানের সময় র্যাফের ছররা গুলিতে আহত যুবক সাহিল লোচাব। আহত যুবকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবি জানান রাহুল।
শুক্রবার সকালে সাহিলকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছন রাহুল গান্ধী। তাঁকে দেখে থানার আধিকারিকরাও কার্যত চমকে যান। রাহুলের দাবি, গত ২০ জুলাই ছাত্রদের ‘সংসদ চলো’ কর্মসূচিতে র্যাফের ছররা গুলি চালানোর ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।
উল্লেখ্য, ঘটনার পর দিল্লি পুলিশ প্রথমে ছররা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিল। যদিও পরে সিআরপিএফের তদন্তে ছররা ব্যবহারের তথ্য উঠে আসে। এরপর থেকেই রাহুল গান্ধী প্রশ্ন তুলে আসছেন, আন্দোলনরত ছাত্রদের লক্ষ্য করে ছররা গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল, তা প্রকাশ্যে আনতে হবে।
এ দিন থানায় গিয়ে পুলিশের কাছে এফআইআর দায়েরের দাবি জানান রাহুল। কিন্তু পুলিশ সেই দাবি মানতে অস্বীকার করলে থানার বাইরেই সাহিলকে নিয়ে ধর্নায় বসে পড়েন তিনি। পুলিশ রাহুলকে জানায়, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তবে তাতেও নিজের অবস্থান থেকে সরেননি কংগ্রেস সাংসদ।
রাহুল গান্ধীর বক্তব্য, “আমরা পড়ুয়াদের পাশে রয়েছি। আমরা ন্যায়বিচার চাই। আমাদের চুপ করিয়ে দেওয়া যাবে না। যতক্ষণ না এফআইআর দায়ের হচ্ছে, ততক্ষণ আমরা ধর্নায় বসে থাকব।”







