যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়াল চুনকাম করার পর ১২ ঘণ্টাও কাটল না। তার মধ্যেই মুছে দেওয়া দেওয়ালে ফের ভেসে উঠল স্লোগান। এবার সেখানে লেখা হয়েছে কার্ল মার্ক্সের চার লাইনের একটি উদ্ধৃতি। লেখার ধরন দেখে এটিকে বামপন্থী ছাত্রছাত্রীদের কাজ বলে মনে করা হলেও, রাতের অন্ধকারে ঠিক কারা এই দেওয়াল লিখন করেছে, তা এখনও পরিষ্কার নয়।
এসএফআইয়ের দাবি, রাতের অন্ধকারে নয়, তারা দিনের আলোতেই ফের দেওয়াল লিখবে। অন্যদিকে, গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, এই দেওয়াল লিখনের পিছনে রয়েছে নকশালপন্থীরা। বিষয়টি নিয়ে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল সাদা করা হলেও, নতুন করে স্লোগান লেখাকে কেন্দ্র করে বিতর্ক ফের দানা বেঁধেছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘কার্ল মার্ক্সের নীতি নিষিদ্ধ হয়নি, তাঁর উক্তি কেউ লিখতেই পারে।’’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু হয়। রবিবার ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল চুনকাম করে দেওয়া হয়েছিল। এবিভিপির দাবি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেওয়াল লিখন মুছে দিয়েছে। তা নিয়ে সিপিএম ও এসএফআইয়ের তরফেও পালটা প্রশ্ন তোলা হয়।
তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ প্রশ্ন করেন, ‘‘ঠিক কোনটা দেশবিরোধী স্লোগান ছিল? ‘সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই’—এটা কি দেশবিরোধী কথা?’’ অন্যদিকে, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দেওয়াল মুছে ইতিহাস মোছা যায় না!’ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা ছিল, ‘ছাত্র ভোট করান। ক্যাম্পাসের ছেলেমেয়েরা গণতান্ত্রিক পদ্ধতিতে বেছে নিক ক্যাম্পাসের প্রিয়জনদের।’
যদিও মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘কিষেণজি জিন্দাবাদ’, ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান দেশবিরোধী বার্তা বহন করে। শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে এই ধরনের লেখা থাকা উচিত নয় বলেই সেগুলি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁদের বক্তব্য।
এরই মধ্যে দেওয়াল চুনকাম করার ১২ ঘণ্টার মধ্যেই ফের সেখানে দেখা গেল নতুন স্লোগান। এবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রেক্ষাগৃহ বা ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে লেখা হয়েছে কার্ল মার্ক্সের একটি চার লাইনের উদ্ধৃতি। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘আমাদের করুণা নেই / আমরা তোমাদের কাছ থেকেও কোনও করুণা চাই না। যখন আমাদের পালা আসবে, তখনকার সন্ত্রাসের জন্য কোনও অজুহাত খুঁজব না।’
রবিবার যে দেওয়ালটি চুনকাম করে সাদা করে দেওয়া হয়েছিল, সেখানেই রাতের অন্ধকারে ফের এই লেখা ফুটে উঠেছে। এবিভিপির অভিযোগ, এই কাজ অতিবাম অর্থাৎ নকশালপন্থীদের। যদিও নতুন দেওয়াল লিখন নিয়ে এখনও এসএফআইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোমবার দিন বাড়ার সঙ্গে সঙ্গে যাদবপুরের ক্যাম্পাসে নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।







