দুর্গাপুজোর ধাঁচে কালীপুজোকেও বড় পরিসরে উদযাপনের দাবি উঠল শহরের পুজো উদ্যোক্তাদের তরফে। বুধবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত সমন্বয় বৈঠকে পুলিশ, পুরসভা, দমকল এবং অন্যান্য প্রশাসনিক দফতরের উপস্থিতিতে একাধিক প্রস্তাব ও সতর্কতা উঠে আসে।
বৈঠকে উপস্থিত উদ্যোক্তাদের দাবি, দুর্গাপুজোর মতো কালীপুজোকেও যেন আরও জাঁকজমকভাবে আয়োজনের সুযোগ দেওয়া হয়। বিদ্যুৎ বিলের ছাড়, প্রশাসনিক অনুদান এবং কার্নিভাল আয়োজনের মতো সুযোগ সুবিধা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত—এমনই আবেদন জানান একাধিক পুজো উদ্যোক্তা। উদ্যোক্তা আশিস রায় বলেন, “আমরা নগরপালকে অনুরোধ করেছি, দুর্গাপুজোর মতো কালীপুজোর জন্যও কার্নিভাল ও বিদ্যুৎ বিলের ছাড় দেওয়া হোক। এতে পুজোর আনন্দ আরও বাড়বে।”
অন্যদিকে, নিরাপত্তা ও নিয়ম মেনে চলা নিয়েও কড়া নির্দেশ দেন নগরপাল মনোজ ভর্মা। তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র গ্রিন বাজি পোড়ানোর অনুমতি থাকবে। নিষিদ্ধ বাজি কেনা-বেচা একেবারেই চলবে না। একই সঙ্গে ফানুস ওড়ানো সম্পর্কেও সতর্ক করেন তিনি—“ফানুস নিষিদ্ধ বাজির তালিকায় রয়েছে। কোনও ভাবেই বিক্রি বা ব্যবহার করা যাবে না,” বলেন নগরপাল।
কলকাতার বহুতল আবাসনগুলিতে বাজি ফোটানোর সময় যেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জিও জানান তিনি। পাশাপাশি, প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন—২১, ২২ ও ২৩ অক্টোবর। শব্দদূষণ রুখতে বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সব মিলিয়ে, পুজোর আনন্দ যেন সুরক্ষা ও শৃঙ্খলার মধ্যে থেকেই উপভোগ করা যায়—এই বার্তাই স্পষ্টভাবে দিল কলকাতা পুলিশ।







