বিশ্ব

লারাকের জবাব জর্ডনে! মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডন

হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানল তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর দাবি, জর্ডনে থাকা দুই মার্কিন ঘাঁটি—কিং হুসেইন ও আল-আজরাক—লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

IRGC-এর দাবি, হামলায় মার্কিন ঘাঁটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ পরিকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের এলাকাগুলিকে নিশানা করা হয়েছে। ইরানের তরফে বড়সড় ক্ষয়ক্ষতির দাবিও করা হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, জর্ডনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করার ফলে সাধারণ মানুষ বা সম্পত্তির উপর কোনও বড় প্রভাব পড়েনি বলেও জানিয়েছে জর্ডন।

কেন হঠাৎ এই পাল্টাপাল্টি হামলা? রবিবারই হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে ইরানের দুটি রকেট লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের রেভলিউশনারি গার্ড ওই লঞ্চারগুলির মাধ্যমে সমুদ্র-মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল। তাই বাণিজ্যিক জাহাজ চলাচল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই ‘সীমিত ও নির্ভুল’ অভিযান চালানো হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের।

ইরান অবশ্য এই ব্যাখ্যা মানতে নারাজ। তেহরানের দাবি, লারাকের হামলায় তাদের সেনা ও সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। এরপরই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে জর্ডনের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে IRGC।

ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন-ইরান সংঘাত ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.