প্যারা টিচার থেকে শুরু করে শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে বন সহায়ক এবং ফরেস্ট গার্ডদের পারিশ্রমিকও বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তগুলির কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন তারিখ থেকে বেতন ও পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে, তাও স্পষ্ট করে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রাইমারি এবং আপার প্রাইমারি—দুই স্তরের প্যারা টিচারদেরই মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ছে। এর ফলে প্রাথমিকের ২০ হাজার ৩৪৩ জন এবং আপার প্রাইমারির ২১ হাজার ৮৪৯ জন প্যারা টিচার উপকৃত হবেন। এতদিন প্রাথমিক স্তরের প্যারা টিচাররা ১১ হাজার ৯৪১ টাকা বেতন পেতেন। এবার তা বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হচ্ছে। অন্যদিকে, আপার প্রাইমারির প্যারা টিচারদের বেতন ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫২৩ টাকা হবে। আগামী ১ নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে।
শিক্ষাবন্ধুদের ক্ষেত্রেও মাসিক বেতন ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে ২ হাজার ২৮০ জন উপকৃত হবেন। একইভাবে স্পেশাল এডুকেটরদের বেতনও ৫ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। এই বর্ধিত বেতনও ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়াও ম্যানেজমেন্ট কর্মী, এসএসকে-র সহায়ক এবং এমএসকে-র সহায়কদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতরের কর্মীদের ক্ষেত্রেও এসেছে সুখবর। বন সহায়কদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি ফরেস্ট গার্ডদের পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। এই বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতাও বাড়ছে, যা ১ আগস্ট থেকেই কার্যকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির জন্য নতুন বিলেও অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ইন্টার-ইউনিভার্সিটি ট্রান্সফারের জন্য একটি নির্দিষ্ট বিধিবদ্ধ কাঠামো তৈরি করতেই এই বিল আনা হচ্ছে। জরুরি ভিত্তিতে বিলটি বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।







