দেশ

মোদির সভাস্থলে পিস্তল-সহ যুবক আটক, সেনা আধিকারিক পরিচয়ে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের সভাস্থলে পিস্তল-সহ এক যুবককে আটক করল পুলিশ। প্রধানমন্ত্রীর সভা শুরুর কিছুক্ষণ আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের নজরে আসে ওই সন্দেহভাজন ব্যক্তি। জানা গিয়েছে, নিজেকে সেনাবাহিনীর আধিকারিক পরিচয় দিয়ে তিনি সভাস্থলের উচ্চ নিরাপত্তা বলয়ের ভিভিআইপি এলাকায় ঢোকার চেষ্টা করছিলেন। তাতেই সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়।

গুজরাটের ভদোদরায় ‘নমো ফর বিকশিত ভারত’ কর্মসূচি শেষ করে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই কারণে সভাস্থল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এর মধ্যেই প্রধানমন্ত্রীর পৌঁছনোর প্রায় ৯০ মিনিট আগে এক যুবককে দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর ‘গার্ডস রেজিমেন্ট’-এর নায়েক বলে পরিচয় দেন। এরপর উচ্চ নিরাপত্তার ভিভিআইপি জোনে প্রবেশের চেষ্টা করতেই তাঁকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রামেশ্বর মিশ্র। তিনি বিজ্ঞানে স্নাতক। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও।

কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই যুবক ভিভিআইপি এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে কোনও বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.