দুর্গাপুজোর সময় মণ্ডপ চত্বরে বামপন্থী ভাবধারার এবং মার্কসীয় সাহিত্যের বইয়ের স্টল দেখা বাংলার দীর্ঘদিনের পরিচিত ছবি। তবে এবার সেই প্রচলিত রীতিতেই লাগাম টানার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, সনাতন ধর্ম, গেরুয়া পোশাক কিংবা গেরুয়া প্রতীকের বিরোধিতা করা হলে আগামী দিনে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। একইসঙ্গে পুজোমণ্ডপের বাইরে কমিউনিস্টদের বইয়ের স্টল বসাতে গেলে ‘শারদোৎসব’-এর পরিবর্তে বোর্ডে ‘দুর্গাপুজো’ শব্দটি উল্লেখ করতে হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।
বঙ্গের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনপর্বে দুর্গাপুজোকে শুধুমাত্র ধর্মীয় আচার হিসেবে না দেখে বৃহত্তর বাঙালি সমাজের একটি সর্বজনীন ও ধর্মনিরপেক্ষ উৎসব হিসেবে তুলে ধরার প্রবণতা তৈরি হয়েছিল। সেই সময় থেকেই বামপন্থী বিভিন্ন পত্রপত্রিকা ও প্রকাশনায় ‘দুর্গাপুজো’র বদলে ‘শারদোৎসব’ শব্দ ব্যবহারের চল শুরু হয়। রাজ্যে পালাবদলের পর থেকেই এই শব্দচয়ন নিয়ে একাধিকবার সরব হয়েছে বর্তমান শাসকদল। এর আগে দিলীপ ঘোষ-সহ সরকারের একাধিক মন্ত্রীও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিধানসভায় এই প্রসঙ্গেই বামেদের অবস্থানকে ‘দ্বিচারিতা’ বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “একশ্রেণির অধ্যাপক তথাকথিত বামপন্থীদের জামা গায়ে দিয়ে সনাতনীদের আক্রমণ করছেন। বেছে বেছে গেরুয়াকে টার্গেট করতেন। সমস্ত দুর্গাপুজো কমিটির কাছে আবেদন করব কমিউনিস্টরা যে বুকস্টল করেন, সেখানে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লিখলে স্টল করতে দেবেন না।”
মুখ্যমন্ত্রীর বক্তব্যের সারমর্ম হল, দুর্গাপুজোর মণ্ডপে বইয়ের স্টল করতে হলে ‘শারদোৎসব’ নয়, ‘দুর্গাপুজো’ শব্দটিই ব্যবহার করতে হবে। তাঁর অবস্থান অনুযায়ী, দুর্গাপুজো শুধুমাত্র সামাজিক বা সাংস্কৃতিক উৎসব নয়, হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠানও।
তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। বিতর্ক প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “আমাদের যা করার আছে করব, ওঁর যা করার আছে করে নিন।”
একইভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই এই ধরনের বিষয় সামনে আনা হচ্ছে। তাঁর কথায়, “এসব কোনও ইস্যুই নয়। গ্যাসের দাম ৪৫০ টাকা হয়নি, মহিলারা ৩০০০ টাকা পাচ্ছেন না, গরিব মানুষ উচ্ছেদ হচ্ছে, চাকরিপ্রার্থীরা আবার পথে নামতে বাধ্য হয়েছে, এই সব থেকে নজর ঘোরাতে এসব ধুয়ো তোলার চেষ্টা।”
এরপর সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গোমাংস খাওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগের সত্যতা জানতে চান সৃজন। তাঁর বক্তব্য, আগে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এসে ওই অভিযোগ সত্যি না মিথ্যা তা স্পষ্ট করুন, তারপর তাঁর এই মন্তব্যের জবাব দেওয়া হবে কি না, তা তাঁরা ভাববেন।







