কলকাতা

বিদ্যুৎ বিলের অঙ্কেই ‘খেলা’! বৃদ্ধের চোখে ধুলো দিয়ে ৮ বছরে ১৮ লক্ষ হাতানোর অভিযোগ

বিদ্যুৎ বিল জমা দেওয়ার দায়িত্ব ছিল তাঁরই উপর। সেই সুযোগকে কাজে লাগিয়ে বছরের পর বছর চলল কারসাজি। অভিযোগ, আসল বিলের অঙ্ক কম থাকলেও বৃদ্ধ ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হত অনেক বেশি টাকা। পরে কম্পিউটারে বিলের অঙ্ক বদলে তৈরি করা হত জাল কপি। এই কায়দায় প্রায় আট বছরে ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতার নারকেলডাঙা থানার পুলিশ।

পুলিশের দাবি, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা বৃদ্ধ ব্যবসায়ী মহম্মদ নাসিম আনসারির বয়সজনিত কারণে নিয়মিত বাইরে বেরোনো সম্ভব হত না। তাঁর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচটি মিটারের বিদ্যুৎ বিল জমা দেওয়ার দায়িত্ব তাই দিয়েছিলেন এলাকার পরিচিত যুবক মহম্মদ আরশাদকে।

অভিযোগ, ব্যবসায়ীর ম্যানেজার আসল বিলগুলি নির্দিষ্ট জায়গায় রেখে দিতেন। সেখান থেকে বিল নিয়ে বিদ্যুৎ দফতরে টাকা জমা দেওয়ার পর আরশাদ বৃদ্ধের কাছ থেকে নগদ টাকা নিতেন। কিন্তু আসল বিলের টাকার অঙ্কের সঙ্গে তাঁর নেওয়া টাকার অঙ্ক মিলত না বলে অভিযোগ।

তদন্তে পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী, নিজের দোকানে কম্পিউটার ও সফটওয়্যারের সাহায্যে আসল বিল স্ক্যান করে তাতে টাকার অঙ্ক বদলে ফেলত অভিযুক্ত। এরপর রঙিন প্রিন্ট করে তৈরি করা হত নতুন বিল। একটি ৩,৬৩৮ টাকার বিলকে ২৩,৬৩০ টাকা এবং ২,৭২৩ টাকার বিলকে ১২,৭২০ টাকা দেখানোর অভিযোগও উঠেছে।

সম্প্রতি পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁরা বিদ্যুৎ দফতরে গিয়ে পুরনো নথি যাচাই করেন। তখনই সামনে আসে বিলের আসল অঙ্ক। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ তদন্তে নামতেই কলকাতা ছাড়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ আরশাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত কি না এবং একই পদ্ধতিতে অন্য কারও কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.