একটি নয়, পরপর আটটি চেম্বার! কোথাও নিজেকে অঙ্কোলজিস্ট হিসেবে পরিচয়, কোথাও আবার প্রেসক্রিপশনে নামী বিদেশি ডিগ্রির উল্লেখ। রোগী দেখার জন্য নেওয়া হত ৮০০ টাকা করে ফি। এ ভাবেই দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছিল সোনারপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন বিশ্বরূপ আচার্য।
সোমবার রাতে ঘাসিয়াড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করার কথা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ঘাসিয়াড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে নতুন করে চেম্বার শুরু করেছিলেন বিশ্বরূপ। তাঁর পরিচয় এবং চিকিৎসক হিসেবে যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয় বাড়ির মালিকের। এরপরই বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে তদন্তকারীরা রোগী সেজে ওই চেম্বারে পৌঁছন। তাঁর সঙ্গে কথাবার্তা এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য যাচাই করার পর সন্দেহ আরও জোরালো হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর চিকিৎসক পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশের দাবি। প্রেসক্রিপশনে উল্লেখ করা ডিগ্রিগুলিও ভুয়ো বলে অভিযোগ।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি, গত কয়েক বছরে এলাকায় মোট আটটি চেম্বার খুলেছিলেন বিশ্বরূপ। প্রতিটি রোগীর কাছ থেকে ৮০০ টাকা করে ফি নেওয়া হত।
কীভাবে ওই ডিগ্রিগুলি তৈরি বা সংগ্রহ করা হয়েছিল, এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং কতজন রোগী তাঁর কাছে চিকিৎসা নিয়েছেন—সবই খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।







