ক্রাইম

নাবালিকাকে ধর্ষণের দায়ে আত্মীয়ের আমৃত্যু সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আত্মীয় কমলেশ বালাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ২০২৫ সালের ৩১ আগস্টের। অভিযোগ, ওই দিন বাড়ির সদস্যরা পাশের পুকুরে স্নান করতে গেলে বাড়িতে একাই ছিল নাবালিকাটি। সেই সুযোগে বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে তার খুড়তুতো জ্যাঠা কমলেশ বালা। কাউকে ঘটনা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
নির্যাতনের পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে নাবালিকাটি। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় মামলা রুজু হয়।
মামলার তদন্তভার পান থানার সাব-ইন্সপেক্টর বিল্টু মিত্র। তদন্তে নেমে কয়েক দিনের মধ্যেই ঝাড়খণ্ড থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন তিনি। তদন্ত শেষে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়।
মামলার সমস্ত দিক বিবেচনা করে আদালত অভিযুক্তকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। উল্লেখ্য, অভিযুক্ত এর আগেও ধর্ষণের অপরাধে ১৬–১৭ বছর কারাবাস করেছে বলে জানা গিয়েছে। এই রায়ে নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিল আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.