প্রত্যাশিতভাবেই এশিয়ান গেমসের অভিযান জয় দিয়েই শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল। জাপানকে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন হরমনপ্রীত কৌররা। বল হাতে শ্রী চরণীর দুরন্ত স্পেল এবং ব্যাট হাতে শেফালি ভার্মার বিধ্বংসী ইনিংসেই মাত্র পাঁচ ওভারে ম্যাচ শেষ করে দেয় ভারত।
টসে জিতে জাপানকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে দুই ওপেনার হারুনা ইওয়াসাকি (১০) এবং আয়াকা ক্যাটো-স্ট্যাফোর্ড (২৫) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও প্রথম উইকেট পড়ার পরই ভেঙে পড়ে জাপানের ব্যাটিং লাইন-আপ। ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ১৯.৫ ওভারে শেষ হয় জাপানের ইনিংস।
জাপানের ব্যাটিং ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন স্পিনার শ্রী চরণী। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি মেডেনসহ চারটি উইকেট তুলে নেন তিনি। জাপানের পরের আট ব্যাটারের স্কোরও ছিল অত্যন্ত হতাশাজনক—৫, ৩, ২, ১, ০, ৪, ০, ০। এমনকি জাপানের অধিনায়ক মাই ইয়ানাগিডাও প্রথম বলেই ফিরে যান।
জবাবে মাত্র ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শেফালি ভার্মা। মাত্র ১৫ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। গুণলন কমলিনী ২ বলে শূন্য এবং ভারতী ফুলমালি ৭ বলে ৬ রান করে ফেরেন। তবে রিচা ঘোষ ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত মাত্র ৫ ওভারেই ৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। জাপানের বিরুদ্ধে এই দাপুটে জয়ের ফলে এশিয়ান গেমসে সেমিফাইনালে জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।







