মুম্বইয়ে গণপতি দর্শনে গিয়ে ফের অনুরাগীদের উন্মাদনার মুখে পড়লেন বলিউড তারকা সলমন খান। মহারাষ্ট্রের মন্ত্রী তথা রাজনৈতিক নেতা আশিস শেলারের বাড়িতে গণেশ পুজোয় যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরেন বিপুল সংখ্যক অনুরাগী ও চিত্রগ্রাহক। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, সলমনের গাড়ি পর্যন্ত পৌঁছনোই কঠিন হয়ে পড়ে।
এর মধ্যেই ঘটল বিপত্তি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে দিয়ে সলমনের গাড়ি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে। সেই সময় এক অনুরাগীর পা গাড়ির নীচে চলে যায় বলে দাবি করা হয়েছে। তাঁকে যন্ত্রণায় চিৎকার করতেও শোনা যায় ভিডিয়োয়। ঘটনাটি নজরে আসতেই চালকের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সলমনকে।
ভিডিয়োয় দেখা যায়, গাড়ির চারপাশে তখন কার্যত মানুষের ঢল। নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। গাড়ি এগোনোর সময়ই দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর সলমন চালককে সতর্ক করেন এবং গাড়ি পিছিয়ে নেওয়ার নির্দেশ দেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। একাংশের বক্তব্য, ভিড়ের মধ্যে অনুরাগীর পা গাড়ির নীচে চলে যাওয়ার পর পরিস্থিতি সামলাতেই সলমন চালককে ধমকেছিলেন। অন্যদিকে, অভিনেতার চালকের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ফলে একই ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া।
এদিকে, সলমনের আরও একটি ভিডিয়োও নজর কেড়েছে। তাতে দেখা যায়, ভিড়ের মধ্যে একটি শিশুকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতা। শিশুটির সঙ্গে হাত মেলানোর পাশাপাশি নিরাপত্তারক্ষীদের তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়েও নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। এর আগে গাড়ির কাছে পৌঁছনোর সময় সলমনকে হাতজোড় করে অনুরাগীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করতেও দেখা গিয়েছিল।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সলমন। তিনি বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি নয়নতারার সঙ্গে তাঁর প্রথম ছবি ‘SVC63’-এর কাজ চলছে। বংশী পৈদিপল্লী পরিচালিত ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। ছবিটি প্রযোজনা করছে শ্রী বেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।
এছাড়াও পরিচালক অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি’ ছবিতেও দেখা যাবে সলমনকে। ছবিটির মুক্তির তারিখ নিয়ে এখনও নতুন ঘোষণা হয়নি।







