করোনা মহামারীর সময়ে সরকারি টেলি-মেডিসিন পরিষেবা চালু রাখতে কেনা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের অন্তত ৬৪টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনায় কড়া অবস্থান নিয়েছে স্বাস্থ্য ভবন। সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্থানীয় থানায় দ্রুত এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন থেকে ক্ষতির টাকা আদায়ের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনার সময় গ্রামাঞ্চলের বাসিন্দাদের বাড়িতে বসেই মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়ার জন্য ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে টেলি-মেডিসিন পরিষেবা চালু করা হয়েছিল। কেন্দ্রীয় অনুদানপুষ্ট ‘জাতীয় স্বাস্থ্য মিশন’-এর আর্থিক সহায়তায় এই প্রকল্পের জন্য বিপুল সংখ্যক কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনা হয়। কিন্তু সাম্প্রতিক পরিদর্শনে গিয়ে দেখা যায়, বহু স্বাস্থ্যকেন্দ্রে সেই পরিকাঠামোর বেশ কিছু অংশ আর নেই।
কোথাও দেখা মিলছে না মনিটরের, আবার কোথাও ইউপিএস থাকলেও তার ব্যাটারি ও এমসিবি উধাও। ফলে সব মিলিয়ে বিপুল অঙ্কের সরকারি সম্পত্তি নষ্ট বা লোপাট হওয়ার অভিযোগ সামনে এসেছে।
শুধু একটি বা দু’টি জেলা নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এই অনিয়মের অভিযোগ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বসিরহাট স্বাস্থ্য জেলার অধীন একাধিক গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরঞ্জাম উধাও হওয়ার ঘটনা সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২১ সালে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারের তরফে দেশের স্বাস্থ্য খাতে মোট ৮,৪৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ছিল ৮২৯ কোটি টাকা। সেই অর্থের একটি উল্লেখযোগ্য অংশ স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে ব্যয় করা হয়েছিল।
সরকারি সরঞ্জাম উধাও হওয়ার ঘটনায় এবার দায় নির্ধারণে কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দফতর। যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার, ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক বা বিএমওএইচ, কমিউনিটি হেলথ অফিসার কিংবা নার্সদের সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, তাঁদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে। উধাও হওয়া সামগ্রীর আনুমানিক আর্থিক মূল্য নির্ধারণ করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বেতন থেকে সেই অর্থ কেটে নেওয়া হবে বলে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে।







