আবহাওয়া

সকালটা মেঘলা, বেলা বাড়তেই বাড়বে বৃষ্টি! গভীর নিম্নচাপের প্রভাবে তুমুল দুর্যোগের আশঙ্কা বাংলায়

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে বাংলার আবহাওয়ায়। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই দুর্যোগের পরিস্থিতি পুরোপুরি কাটছে না। বরং দিনের দ্বিতীয়ার্ধে কয়েকটি এলাকায় বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বুধবার রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে সেটি স্থলভাগে ঢুকতে পারে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ আকাশ মূলত মেঘলাই থাকবে। শহরের বিভিন্ন অংশে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতার জন্য আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলির কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টাতেও কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে এবং দফায় দফায় বৃষ্টি চলবে। কলকাতার ক্ষেত্রেও ২৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.