কৃষিনির্ভর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শুক্রবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কৃষক কল্যাণে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ ও পূর্ত দফতরের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে একাধিক সরকারি প্রকল্প ও আর্থিক সহায়তার কথা জানান তিনি। পূর্ব বর্ধমানকে রাজ্যের ‘গর্বের শস্য ভাণ্ডার’ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলার মানুষ সরকারকে বিপুল সমর্থন করেছেন। তাই উন্নয়নের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।
কৃষকদের সেচের কাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বছরে একজন কৃষক সেচের বিদ্যুৎ বিলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন। রাজ্যের চার লক্ষেরও বেশি কৃষকের জন্য বিদ্যুৎ ব্যবহারে ইউনিটপিছু ২ টাকা ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এই খাতে অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান তিনি।
কৃষি সহায়তা প্রকল্পের আওতাও বাড়ানোর কথা জানান শুভেন্দু। তাঁর ঘোষণা অনুযায়ী, ভেরিফিকেশনের মাধ্যমে নতুন কৃষকদের ‘পিএম কিষান সম্মাননিধি’ প্রকল্পে যুক্ত করা হবে। কেন্দ্রের দেওয়া ৬ হাজার টাকার সঙ্গে রাজ্য সরকার আরও ৩ হাজার টাকা যোগ করবে। ফলে বছরে মোট ৯ হাজার টাকা করে পাওয়ার কথা কৃষকদের। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের পুনর্মূল্যায়ন শেষ করার কথাও জানান তিনি। সেখানে কম জমির মালিক কৃষকদের বছরে ৪ হাজার টাকা এবং তুলনামূলক বেশি জমির মালিকদের ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
ধান কেনার ক্ষেত্রেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাঁচ একর পর্যন্ত জমির মালিক কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ২৭০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার কথা জানান তিনি। মেমারির সভামঞ্চ থেকে ফড়ে ও রাইসমিল মালিকদের উদ্দেশে কড়া বার্তাও দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার ধান কিনবে। পাশাপাশি ১০০ কুইন্টাল ধান বিক্রি করলে কৃষকদের অতিরিক্ত ২০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়ার ঘোষণাও করা হয়।
আলুচাষিদের প্রসঙ্গেও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের আমলে সারের কালোবাজারি, আন্তঃরাজ্য সীমানা বন্ধ রাখা এবং হিমঘর মালিকদের উপর চাপ তৈরির অভিযোগ তুলে আলুচাষিদের সমস্যার কথা উল্লেখ করেন তিনি। তাঁর ঘোষণা, পরিস্থিতির পরিবর্তনে আগামী ডিসেম্বরেই আলুচাষিদের জন্য বিশেষ সরকারি ভর্তুকি ও প্যাকেজ আনা হবে।
পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে কৃষি, সেচ, বিদ্যুৎ ভর্তুকি এবং ‘সূর্যঘর’ প্রকল্পের চেকও তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভাতারে মোট ১২৩ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একাধিক পরিকাঠামো প্রকল্প এবং প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে তিনটি পৃথক রাজ্য প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ দিন দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর ও বিষ্ণুপুরে বিদ্যুতের সাব-স্টেশন এবং পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ায় ইডেন খালের উপর নির্মিত নতুন সেতুরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সভা থেকে ১২৫ দিনের ‘জি রাম জি’ কাজ, অন্নপূর্ণা, আবাস, আয়ুষ্মান ভারত এবং ‘জল জীবন মিশন’-সহ বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে রাজ্যে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করার পাশাপাশি ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের কথাও জানান শুভেন্দু অধিকারী।







