কলকাতা পুরসভার একাধিক উন্নয়নমূলক প্রকল্পে বড়সড় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ, গত তিন বছর ধরে বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধ না হওয়ায় ক্ষুব্ধ ঠিকাদাররা নতুন কোনও টেন্ডারে অংশ নিতে রাজি নন। এর জেরে দুর্গাপুজোর আগে রাস্তা সংস্কার, নিকাশি, বস্তি উন্নয়ন, আলো ও সৌন্দর্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠিকাদারদের দাবি, বিভিন্ন প্রকল্প মিলিয়ে তাঁদের প্রায় ৪ হাজার কোটি টাকার পাওনা এখনও মেটানো হয়নি। বিশেষ করে ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে অধিকাংশ কাজ শেষ হলেও তার তুলনায় খুব সামান্য অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আশ্বাস মিলেছিল অডিটের পর জুন মাস থেকেই বকেয়া মিটতে শুরু করবে, কিন্তু জুলাই মাসেও অধিকাংশ ঠিকাদারের অ্যাকাউন্টে কোনও অর্থ পৌঁছায়নি।
পুরসভার বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই পুজোর আগে রাস্তা মেরামত, রং করা, আলোকসজ্জা ও অন্যান্য নাগরিক পরিষেবার জন্য একের পর এক ফাইল তৈরি করছেন। কিন্তু ঠিকাদারদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরনো বকেয়া না মেটানো পর্যন্ত তাঁরা নতুন কাজের দায়িত্ব নেবেন না বা টেন্ডার জমা দেবেন না।
এর প্রভাব ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় পড়তে শুরু করেছে। জল ও নিকাশি প্রকল্পের জন্য খোঁড়া বহু রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত হয়নি। দক্ষিণ কলকাতার একাধিক বরো এলাকায় প্রায় ৬০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজও আটকে রয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। ঠিকাদারদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি হলেও অনেকেই চিকিৎসাজনিত কারণ দেখিয়ে কাজ শুরু করতে পারেননি।
পুর প্রশাসনের শীর্ষস্তরেও একাধিক প্রকল্পের অনুমোদনের ফাইল জমে রয়েছে বলে জানা গিয়েছে। ফলে ঠিকাদারদের অনড় অবস্থান এবং প্রশাসনিক জট—এই দুইয়ের চাপে কলকাতার বিভিন্ন নাগরিক পরিষেবার গতি আপাতত মন্থর হয়ে পড়েছে। বিশেষ করে দুর্গাপুজোর আগে শহরের পরিকাঠামো প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।







