দক্ষিণ আফ্রিকার খুদে বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ১৪ বছরের এক বিস্ময় বালক। নাম তার বৈভব সূর্যবংশী। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেও ব্যাট হাতে যে তাণ্ডব সে চালাল, তাতে ক্রিকেট বিশ্ব নতুন এক তারকার জন্ম দেখল। মাত্র ৭৪ বল খেলে ১২৭ রানের এক দানবীয় ইনিংস খেলেছে ভারতের এই কিশোর ওপেনার।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক মহম্মদ বুলবুলিয়া। কিন্তু সেই সিদ্ধান্ত যে তাঁর দলের জন্য এতটা ভয়াবহ হবে, তা বোধহয় তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। ওপেনিং করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করতে থাকে বৈভব। মাত্র ৬৩ বলেই সে নিজের শতরান পূর্ণ করে। শেষ পর্যন্ত ৭৪ বলের এই ইনিংসে ছিল ৯টি চার এবং ১০টি বিশাল ছক্কা। মাঠের কোনো প্রান্তই সেদিন প্রোটিয়া বোলারদের জন্য নিরাপদ ছিল না।
বৈভবের এই ঝোড়ো ব্যাটিংয়ের যোগ্য সঙ্গত দিয়েছেন আরেক ওপেনার অ্যারন জর্জ। এক প্রান্তে যখন বৈভব বোলারদের শাসন করছিল, অন্য প্রান্ত ধরে রেখে অ্যারন খেললেন ১০৬ বলে ১১৮ রানের এক ধ্রুপদী ইনিংস। তাঁদের এই ওপেনিং জুটিতেই মাত্র ২৫.৪ ওভারে বোর্ডে উঠে যায় ২২৭ রান। দুই ওপেনারের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৩ রানের এক হিমালয় সদৃশ স্কোর দাঁড় করায় ভারতীয় যুবারা।
অন্যান্য ব্যাটারদের মধ্যে বেদান্ত ত্রিবেদী করেছেন ৩৪ রান এবং শেষ দিকে মহম্মদ এনান ২৮ রানে অপরাজিত থাকেন। তবে দিনের শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ১৪ বছরের বৈভবই। গত ম্যাচেই সে নিজের জাত চিনিয়েছিল বিধ্বংসী এক হাফ সেঞ্চুরি দিয়ে, আর এদিন সেটিকে দ্বিগুণ শক্তিতে রূপ দিল শতরানে। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলারদের চোখের জল আর নাকের জল এক করে দিয়ে বৈভব যেন বুঝিয়ে দিল, বয়সের সংখ্যাটা তাঁর প্রতিভার কাছে নিতান্তই নগণ্য।







