আইপিএল নিলামের শেষ লগ্নে কোনোমতে দল পেলেও মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না পৃথ্বী শ-র। একদিকে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে লড়াই, আর অন্যদিকে আদালতের চক্কর দুই মিলিয়ে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছেন ভারতীয় দলের এই ব্রাত্য ওপেনার। অভিনেত্রী স্বপ্না গিলের দায়ের করা শ্লীলতাহানির মামলায় এবার সরাসরি মুম্বইয়ের আদালতে নিজের বয়ান জমা দিলেন পৃথ্বী।
আদালতে দেওয়া লিখিত জবাবে পৃথ্বী দাবি করেছেন, তাঁর নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসার জন্যই স্বপ্না ইচ্ছাকৃতভাবে এই ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। ক্রিকেটারের পাল্টা দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। তাঁর বিশ্বাস, সঠিক তদন্ত হলে খুব তাড়াতাড়িই তিনি নির্দোষ প্রমাণিত হবেন। উল্লেখ্য, ২০২৩ সালে মুম্বইয়ের এক পানশালার বাইরে সেলফি তোলাকে কেন্দ্র করে স্বপ্না ও পৃথ্বীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছিল। সেই সময় পুলিশ স্বপ্নাকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়েই তিনি পৃথ্বীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার পাল্টা মামলা ঠোকেন।
বেশ কয়েকবার আদালতের তলব এড়িয়ে যাওয়ায় পৃথ্বীকে এর আগে জরিমানাও দিতে হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের কড়া অবস্থানের মুখে পড়ে তিনি নিজের সপক্ষে যুক্তি পেশ করলেন। মামলার পরবর্তী দিন ঠিক হয়েছে আগামী বছরের ৩১ মার্চ। এক সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হলেও, মাঠের বাইরের এই সমস্ত ‘বিশৃঙ্খল’ আচরণের জন্যই বর্তমানে জাতীয় দলের রাডারের বাইরে চলে গেছেন পৃথ্বী। যদিও ইদানীং নিজেকে বদলানোর চেষ্টা করছেন তিনি, ওজন কমিয়ে ঘরোয়া ক্রিকেটে রানও পাচ্ছেন। তবে পুরনো এই আইনি জটিলতা তাঁর নতুন করে ফেরার পথে বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।







