‘বিগ বস বাংলা’-র ঘরে এবার নতুন করে উত্তেজনা। জীতু কমলকে ঘিরে অনুষ্কা ঘোষের আচরণ নিয়ে সরব হলেন সৃজলা গুহ। অনুষ্কার কিছু অঙ্গভঙ্গি ও আচরণকে আপত্তিকর বলে অভিযোগ করেন তিনি। পাল্টা সৃজলার বিরুদ্ধেও গুরুতর মন্তব্য করেন অনুষ্কা। দুই প্রতিযোগীর এই তর্কে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে শোয়ের অন্দরমহল।
ঘটনার সূত্রপাত ড্রয়িং রুমের একটি কথোপকথন থেকে। সেখানে সৃজলা জীতুর সঙ্গে কথা বলতে গিয়ে জানতে চান, অনুষ্কার আচরণ তাঁর খারাপ লাগে কি না। জীতু জানান, অনুষ্কার কিছু আচরণ তাঁর পছন্দ নয়।
এরপরই সৃজলা অভিযোগ করেন, জীতুকে দেখলেই অনুষ্কা নানা ধরনের ইঙ্গিত করেন। বিষয়টি নিয়ে অনুষ্কার সঙ্গে সরাসরি কথা বলতেও দেখা যায় সৃজলাকে। অনুষ্কা অবশ্য বিষয়টিকে নিছক মজা হিসেবে ব্যাখ্যা করেন।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়। অনুষ্কা আলাদাভাবে জীতুর সঙ্গে কথা বলে জানতে চান, সৃজলা তাঁকে এসব বলার জন্য জীতুর কাছ থেকে কোনও নির্দেশ পেয়েছেন কি না। জীতু স্পষ্ট জানান, তিনি সৃজলাকে এমন কিছু বলতে বলেননি। একইসঙ্গে অনুষ্কার আচরণ তাঁর ভালো লাগে না বলেও জানান।
এই কথোপকথনের পরেই সৃজলা ও অনুষ্কার মধ্যে শুরু হয় তুমুল বচসা। একে অপরকে পাল্টা আক্রমণ করতে দেখা যায় দু’জনকে। ঝামেলার মাঝেই সৃজলাকে তাঁর কেরিয়ার নিয়ে মন্তব্য করেন অনুষ্কা। তাঁর অভিযোগ, সৃজলা কারও কেরিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন।
অনুষ্কার এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‘বিগ বস’-এর ক্যামেরার সামনেই দুই প্রতিযোগীর এই প্রকাশ্য দ্বন্দ্ব এখন শোয়ের অন্যতম আলোচিত বিষয়।
গত ৩০ অগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই একাধিক প্রতিযোগীর বিদায় এবং ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জমে উঠেছে খেলা। রাজবীর দে ও জীতু কমলের পর অনুষ্কার প্রবেশেও নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে।
এবার সৃজলা-অনুষ্কার এই সংঘাত আগামী দিনে ‘বিগ বস বাংলা’-র খেলায় কী প্রভাব ফেলে, সেদিকেই নজর দর্শকদের।







