দেশ

বৃন্দাবনের আবাসিক স্কুলে ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে মৃত ৪ ছাত্র, আশঙ্কাজনক ১

বৃন্দাবনের একটি আবাসিক সংস্কৃত স্কুলে ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে চার ছাত্রের। আরও এক ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘিরে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটেছে চৈতন্য বিহার এলাকার একটি আবাসিক স্কুলে। জানা গিয়েছে, প্রায় ১২ থেকে ১৪ ফুট গভীর ওই ট্যাঙ্কের জল প্রথমে মোটরের সাহায্যে বের করা হয়। এরপর ভিতরে জমে থাকা কাদা ও অবশিষ্ট জল পরিষ্কার করতে নামেন এক ছাত্র। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।

তাঁকে উদ্ধারের জন্য আরও চার ছাত্র ট্যাঙ্কের ভিতরে নামেন। অভিযোগ, তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পাঁচজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চার ছাত্রকে বাঁচানো সম্ভব হয়নি। মৃতদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছেন জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে, রুদ্র নামে এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলতে পারছেন। প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিকভাবে ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জেলা শাসক জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। স্কুলটির প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, কেন ছাত্রদের দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার করানো হয়েছিল এবং নিরাপত্তার ব্যবস্থা কী ছিল—সবই খতিয়ে দেখা হবে। পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.