বিদেশ

দেশভাগের ৭৯ বছর পর খুলল লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার, স্বস্তিতে শিখ সম্প্রদায়

সময়টা ১৯৪৭ সাল। দেশজুড়ে তখন সাম্প্রদায়িক সংঘর্ষ ও হিংসার আগুন। সেই অশান্তির আঁচ এসে পড়েছিল লাহোরের শিখদের পবিত্র উপাসনালয় ‘ছেভি পাতশাহি শ্রী গুরু হরগোবিন্দ সাহিব’ গুরুদ্বারেও। দেশভাগের পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহাসিক এই ধর্মীয় স্থান। অবশেষে দীর্ঘ ৭৯ বছর পর সংস্কারের কাজ শেষ করে রবিবার সাধারণের জন্য খুলে দেওয়া হল গুরুদ্বারের দরজা।

লাহোরের টেম্পল রোডে অবস্থিত এই গুরুদ্বার পুনরায় চালুর উপলক্ষে শিখ ধর্মীয় রীতি মেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি রমেশ আরোরা এবং ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) সচিব নাসির মুশতাক-সহ একাধিক আধিকারিক।

রমেশ আরোরা জানান, ঐতিহাসিক এই গুরুদ্বারের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার থেকে শিখ ধর্মাবলম্বীরা এখানে এসে নিয়মিত প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করতে পারবেন। পাশাপাশি তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ৫০টিরও বেশি গুরুদ্বার সংস্কারের কাজ চলছে। শিখ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের যাতায়াত ও উপাসনার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অন্যদিকে, নাসির মুশতাকের বক্তব্য, শিখ সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন, সেই লক্ষ্যেই গুরুদ্বারটি সংস্কার করে ফের খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে লাহোরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ (১৫৯৫-১৬৪৪) সম্প্রদায়ের মানুষের কাছে একাধারে সন্ত ও যোদ্ধা হিসেবে পরিচিত। ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি শিখদের সংগঠিত করেছিলেন। এই গুরুদ্বারের সঙ্গে জড়িয়ে রয়েছে শিখ ধর্মপ্রচারক ও সেনাপতি ভাই বিধি চাঁদের স্মৃতিও। কথিত রয়েছে, মুঘল শাসকদের বাজেয়াপ্ত করা ঘোড়া ফিরিয়ে আনতে তিনি দু’বার লাহোরে এসেছিলেন এবং এই গুরুদ্বারে অবস্থান করেছিলেন। ভক্তরা সেই ঘোড়াগুলি গুরু হরগোবিন্দ সাহিবকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন।

ইতিহাস বলছে, ১৯১৫ সালে স্থানীয় শিখ সংগঠনের উদ্যোগে গুরুদ্বারের হলঘর সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে ১৯২১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক মহন্ত হরি সিংয়ের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। এরপর সঙ্গত গুরুদ্বারের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং একটি কমিটি গঠন করে। ১৯২৭ সালে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) এই উপাসনালয়ের প্রশাসনিক দায়িত্ব নেয়। গুরুদ্বারের মূল ভবনটি মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনকালের বলে মনে করা হয়।

তবে ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই এই পবিত্র স্থানে নিয়মিত ধর্মীয় কার্যকলাপ বন্ধ হয়ে যায়। শিখদের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দেশভাগের সময় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার মধ্যে গুরুদ্বারটি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ। তারপর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই উপাসনালয়। অবশেষে প্রায় আট দশক পর তার দরজা ফের খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত শিখ সম্প্রদায়ের মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.