তিরঙ্গা নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অনড় ছিল দল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশের হাতে আটক হলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। শুক্রবার দিল্লির কনট প্লেসে দলের ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জেল হেফাজতে পাঠানোর প্রতিবাদেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
শুক্রবার বিকেল ৫টায় দিল্লির সেন্ট্রাল পার্কে তিরঙ্গা কর্মসূচির আয়োজন করার কথা ছিল সিজেপি-র। কিন্তু কর্মসূচির আগেই কনট প্লেস এলাকায় নিরাপত্তা বাড়ায় দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ দিপকে। পুলিশ বাধা দিলেও কর্মসূচি বাতিল করা হবে না বলে জানিয়েছিলেন তিনি। তার পরেই তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, এর আগে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে তাঁকে কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। আইন ভেঙে কোনও জমায়েত না করার অনুরোধ জানিয়ে নোটিসও দেওয়া হয়। পুলিশের দাবি, সেন্ট্রাল পার্কে বড় জমায়েতের জন্য সিজেপি-কে অনুমতি দেওয়া হয়নি। ওই এলাকায় বিধিনিষেধ জারি থাকায় ভিড় নিয়ন্ত্রণ এবং জনজীবন স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা।
সিজেপি-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছিল। তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানোর প্রতিবাদেই তিরঙ্গা কর্মসূচির ডাক দেয় দলটি।
এই কর্মসূচি নিয়ে আইনি জটিলতাও রয়েছে। দিল্লি হাইকোর্ট সিজেপি-র কর্মসূচিতে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেনি। তবে জনজীবন স্বাভাবিক রাখা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি আদালতে নথিভুক্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক কয়েকজনকে বিকল্প জায়গায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ দেওয়া হবে।
তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিবাদ, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালতের পর্যবেক্ষণ— সব মিলিয়ে শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকায় পরিস্থিতি ঘিরে নজর ছিল।







