রাজ্য

কলকাতা-হাওড়া পুরভোটে কারা পাবেন বিজেপির টিকিট? প্রার্থী বাছতে দিল্লিতে শমীক, প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের নাম?

দুর্গাপুজোর পর এ বার কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি। ভোটের প্রস্তুতি শুরু হতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা বাড়ল গেরুয়া শিবিরে। শুক্রবার সল্টলেকে দলের কার্যালয়ে দফায় দফায় বৈঠকের পর এ বার প্রার্থীতালিকা চূড়ান্ত করার লক্ষ্যে দিল্লি সফরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা। কলকাতা ও হাওড়ার পুরভোটে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে এখনও মতপার্থক্য রয়েছে।

সবচেয়ে বেশি চর্চা চলছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের প্রার্থী করা নিয়ে। বিজেপি সূত্রের দাবি, পুরভোটে লড়তে আগ্রহ প্রকাশ করে প্রায় ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিজেদের বায়োডেটা জমা দিয়েছেন। তাঁদের মধ্যে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যানরাও রয়েছেন বলে খবর।

এই প্রাক্তন কাউন্সিলরদের টিকিট দেওয়া নিয়ে বিজেপির অন্দরে দুই মত তৈরি হয়েছে। একাংশের বক্তব্য, স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা থাকলে অন্য দল থেকে আসা নেতাদেরও প্রার্থী করা যেতে পারে। অন্য অংশের মতে, দীর্ঘদিনের দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। ওয়ার্ডের সংখ্যা ও প্রার্থী নির্বাচনের সমীকরণও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

এ দিকে, এনসিপিআইয়ের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সুনীল বনশল স্পষ্ট করে দিয়েছেন, পুরভোটে অন্য কোনও দলের সঙ্গে জোটের পরিকল্পনা নেই। ফলে জোটের বদলে বিজেপির নিজস্ব প্রতীকে প্রার্থী দেওয়ার পথেই এগোতে চাইছে দল।

এখন নজর দিল্লির বৈঠকের দিকে। কলকাতা ও হাওড়ার পুরভোটে শেষ পর্যন্ত কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.