গঙ্গাসাগর: নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের যুগল প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তার জেরে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের বিশাল ঢেউ টপকে যাচ্ছে দুঃনম্বর রাস্তা ও নদী বাউন্ডারি, ঢুকে পড়ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। উপকূলবর্তী অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
বাঁধ রক্ষায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে যুদ্ধকালীন তৎপরতা। কিন্তু প্রবল জোয়ারের তোড়ে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাঁধ মেরামতের জন্য আনা কাঠ ও অন্যান্য সামগ্রী। প্রশাসনের সব রকম ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে পড়ছে এই দৈত্যাকার ঢেউয়ের সামনে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে গঙ্গাসাগর ব্লক প্রশাসন ও উপকূল থানার পক্ষ থেকে সমুদ্রে নামা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুণ্যার্থীদের সমুদ্রস্নান থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং সৈকতজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।
প্রশাসনের এক আধিকারিক জানান, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাইকিং চলছে। স্থানীয়দের পাশাপাশি পুণ্যার্থীদেরও নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।”
প্রাকৃতিক দুর্যোগের এই রূপে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভাঙনের আশঙ্কা বাড়ছে, যার ফলে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির দিকেও নতুন করে চিন্তা করতে হচ্ছে প্রশাসনকে।







