বজবজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! প্রাণ হারিয়েছেন নাবালিকা-সহ ৩ জন। বজবজের ঘটনায় সরগরম রাজনীতি। রাজনৈতিক তরজা সর্বত্র। রাজ্যের বেআইনি বাজি কারখানাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদাসীন শাসকদল, এই অভিযোগ তুলে সরব বিরোধীরা। এহেন আবহেই বিস্ফোরক মতপ্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে তিনি তুলনা করেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের!
ট্যুইটে শুভেন্দু লিখেছেন, ‘রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করে। আমি মনে করি যদি কেউ এখনও পর্যন্ত ইউক্রেনের মাটিতে সংঘটিত বিস্ফোরণের সংখ্যা গণনা করে তুলনা করেন, তবে এই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গে যে বিস্ফোরণ হয়েছে তার চেয়ে সংখ্যাটি কম হবে। পোড়া মাংস এবং বিস্ফোরক অবশিষ্টাংশের গন্ধ এখনও এগরার খাদিকুল গ্রামে ঘোরাফেরা করছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়া গ্রামে আরও একটি বিস্ফোরণ ঘটল। সম্ভবত এখনও পর্যন্ত ৩ জন পুড়ে মারা গিয়েছেন, তাঁদের সকলেই মহিলা। নিহতের সংখ্যা বাড়তে পারে’।
বজবজে বিস্ফোরণের পর ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিস। প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি আটকানো, ক্যামেরা কেড়ে নেওয়া – এসবেরও চেষ্টা করেন স্থানীয়রা।







