বারাসাত: টেবিলজুড়ে থরে থরে সাজানো নগদ টাকা। তার ঠিক পিছনে চেয়ারে বসে তৃণমূল নেতা। পাশে এক ব্যবসায়ী, ফোনে চলছে কথোপকথন—“ক্যাশে নেবে না ফাইনান্সে?” এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে বারাসাত ১ নম্বর ব্লকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, তৃণমূল নেতা মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলকে।
ভিডিওতে টাকার স্তূপে কার্যত মুখ ঢাকা পড়ে যায় ব্যবসায়ী রাকিবুল ইসলামের। তাঁর বাঁ দিকেই বসেছিলেন গিয়াসউদ্দিন। কিছু ক্ষণ পর আরও এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে ঢোকেন ঘরে। সেই ব্যাগেও ভরা হয় নগদ টাকা। পুরো দৃশ্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
ভিডিও সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। যদিও গিয়াসউদ্দিন মণ্ডলের দাবি, ভিডিওটি নতুন নয়। তাঁর বক্তব্য, “এই ভিডিও ২০২২ সালের। আমি শুধু পাশে বসে ছিলাম। কোনও আর্থিক লেনদেনে আমার কোনও ভূমিকা নেই।” অন্যদিকে ব্যবসায়ী রাকিবুল ইসলামের দাবি, এটি জমি কেনাবেচা সংক্রান্ত পুরনো লেনদেন। তাঁর কথায়, “জমিতে বিনিয়োগের টাকা গোনা হচ্ছিল। গিয়াসউদ্দিন জমির পার্টনার ছিলেন। সবটাই সবার সামনেই হয়েছে।”
তৃণমূলের অন্দরেও বিষয়টি নিয়ে অস্বস্তি। বারাসাত ১ নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক মহম্মদ ইশা সরকার বলেন, “ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। দোষ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এত বিপুল নগদ টাকা কোথা থেকে এল, সেই প্রশ্ন উঠছেই।”
অন্যদিকে আক্রমণে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা তাপস মিত্রের অভিযোগ, “এটাই তৃণমূল নেতাদের আসল চরিত্র। জমি মাফিয়া সংস্কৃতি নতুন নয়। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়—সবাইকে বাংলার মানুষ দেখেছে। আমরা চাই অবিলম্বে ইডি তদন্ত করুক।”
ভিডিওটি কে বা কারা ক্যামেরাবন্দি করেছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ভাইরাল হওয়া এই দৃশ্য বারাসাতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পুরনো ভিডিওর দাবি করা হলেও, নগদের পাহাড়ের উৎস নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।







