নভেম্বরের শুরুতেই শীতের অপেক্ষায় বঙ্গবাসী। কিন্তু এখনও রাতের তাপমাত্রায় সেভাবে পতন নেই। উলটে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র পরোক্ষ প্রভাবে ঊর্ধ্বমুখী পারদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভোরে কুয়াশাও দেখা যাচ্ছে।
তবে আশার খবর শুনিয়েছে হাওয়া অফিস। কালীপুজোর আগেই ফিরতে পারে শীতের আমেজ। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার থেকে শনিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হলেই নামবে রাতের পারদ। ফলে কালীপুজোর মুখে হালকা শীতের অনুভূতি মিলতে পারে।







