জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গি অর্থায়নের একটি বড়সড় চক্রের হদিশ পেল পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গোটা কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে বিস্তৃত একটি আন্তঃসংযুক্ত জঙ্গি অর্থায়ন নেটওয়ার্কের সন্ধান মিলেছে তদন্তে।
পুলিশ আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়া একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই একাধিক স্তর পেরিয়ে টাকার লেনদেনের গতিপথ অনুসরণ করা হয়। তদন্তে উঠে আসে, এই অর্থের লেনদেনের সঙ্গে জঙ্গি এবং বিভিন্ন জেলে বন্দি থাকা তাদের সহযোগীদের যোগসূত্র থাকতে পারে।
তদন্তকারীদের অনুমান, ধাপে ধাপে অর্থ স্থানান্তরের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত জোগানোর চেষ্টা চলছিল। এই নেটওয়ার্কের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, অর্থের উৎস কী এবং কীভাবে সেই টাকা ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতার হওয়া ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে। এই নেটওয়ার্কের বিস্তার ও জঙ্গি সংগঠনগুলির সঙ্গে এর প্রকৃত যোগসূত্র উদ্ঘাটনই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।







