বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রীদের বৈঠকের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এমনটাই খবর এক সরকারি সূত্র মারফত।
সূত্রের খবর, সম্ভাব্য বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া আদায়ের জন্য কেন্দ্রকে চাপ দিতে পারেন। পাশাপাশি, ফারাক্কা ব্যারেজ এবং তার আশেপাশের অঞ্চলে গঙ্গার ভাঙনের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আনতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্যের পাওনা মেটানোর দাবিতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের একবছর কেটে গেলেও একটি টাকাও দিল্লি ছাড়েনি ওই প্রকল্প বাবদ। ক’দিন আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে আগামী ৫ ডিসেম্বর উক্ত বৈঠকে রাজ্যের পাওনা প্রসঙ্গে কী আলোচনা হয়, সেইদিকে নজর থাকছে রাজ্য রাজনৈতিকমহলের। সম্প্রতি কেন্দ্রকে একটি চিঠিও পাঠিয়েছিল রাজ্য। এদিকে সম্প্রতি আবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।







