নিজস্ব সংবাদদাতা : মণিপুরকাণ্ড নিয়ে বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ নয়া প্রতিবাদ দেখল । বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে আজ বৃহস্পতিবার সংসদে হাজির হলেন ।আজ
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা এই সংকেতের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ।
অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদেরা। এর পাশাপাশি মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন। এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন , ‘‘কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।’’







