পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের বাড়াগড় মৌজায় সরকারি খাল দখলের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই খালটির উপর অবৈধ নির্মাণ চলছিল, তবে এদিন হঠাৎ করে কংক্রিট ঢালাই ও পিলার বসানোর কাজ শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুড্ডু শিং নামে এক ব্যক্তি, যিনি এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত। গ্রামবাসীদের দাবি, এর আগেও তিনি খালের অংশ দখল করে বাড়ি নির্মাণ করেছেন। এবার ভোটের ব্যস্ততার সুযোগ নিয়ে ফের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই খালটি বর্ষাকালে জলনিকাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল দখল হয়ে গেলে প্রতি বছর প্রায় ২০০-র বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েন। ফলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে ছিল এলাকাবাসীর মধ্যে।
মঙ্গলবার দুপুরে প্রায় শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা প্রসঙ্গে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনওভাবেই সরকারি জমি বা খাল দখল মেনে নেওয়া হবে না। তবে স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।







