অবশেষে পুলিশের অভিযানে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানির। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’র সঙ্গে যুক্ত এই অপরাধী ছোটা শাকিলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানে এনকাউন্টারে মৃত্যু হয় ৩৭ বছর বয়সি নাসিমের।
তদন্তকারী সূত্রের খবর, অপরাধ জগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিল সে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা নাসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ ২৫টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা ছিল। দীর্ঘদিন ধরেই তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তার মাথার দামও ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লিতে মাদক কারবার, জুয়া এবং তোলাবাজির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখাকে কেন্দ্র করে একাধিক অপরাধী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছিল নাসিম। হারুন সাইফি এবং রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গ্যাংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ ছিল। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে খুনের ঘটনায় মূল শুটার হিসেবেও নাসিমের নাম উঠে আসে।
সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় আরও একটি খুনের ঘটনায় তার নাম জড়ায়। গত ১৬ নভেম্বর সেখানকার মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সামির নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল নাসিমকে।
তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ২০১৬ সালে জেলবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে খুনের ছক কষে ছোটা শাকিল। সেই হত্যার দায়িত্ব নাসিমের হাতে দেওয়া হয়েছিল বলে তদন্তকারী সূত্রে দাবি। শুধু তাই নয়, পাকিস্তানি-কন্নড় লেখক ও সাংবাদিক তারেক ফাতাহকে খুনের হুমকি এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগেও অতীতে গ্রেফতার হয়েছিল সে।
সব মিলিয়ে একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত এই গ্যাংস্টারকে ধরতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল পুলিশ। অবশেষে দিল্লি ও নয়ডা পুলিশের যৌথ অভিযানে বুলন্দশহরে তার মৃত্যু হল। তবে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।







