নিজস্ব সংবাদদাতা : নতুন পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো ক্রমশ মৃত্যুপুরী হয়ে উঠছে। এ রাজ্যের আরও এক পড়ুয়ার রহস্য মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, এগারো তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া এমনটাই সূত্রের খবর ।
যদিও তা মানতে রাজি নয় ছাত্রটির পরিবার। ছেলের মৃত্যুর কারণের জন্য র্যাগিংকেই দায়ী করেছে তারা। শুধুই কি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন তা জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ,রাজ্যপাল ,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছেন মৃতের বাবা। যাদবপুরের পড়ুয়ার মতোই সদ্য উচ্চমাধ্যমিক পাশ করে চোখে একরাশ স্বপ্ন নিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন সৌরদীপ চৌধুরী। তার স্বপ্নপূরণ তো হলই না উল্টে হস্টেলে রেখে আসার মাত্র ৪ দিনের মাথায় বাড়িতে এলো ছেলের মৃত্যুসংবাদ। মৃত ছাত্রের বাবা জানিয়েছেন, ১৭ জুলাই, কম্পিউটার সায়েন্সে বিটেক করতে মেদিনীপুরের বাড়ি থেকে ছেলেকে অন্ধ্রপ্রদেশের ওই ইউনিভার্সিটিতে ভর্তি করেন তিনি। ২০ জুলাই ফিরে আসেন তাঁরা। ফিরে আসার পর ছেলের সঙ্গে একাধিকবার কথা হয়েছিল। সেইসময় সে জানিয়েছিল যে, সে ভালই আছে ।
সূত্রের খবর, মৃত সৌরদীপের বাবার দাবি, ২৪ জুলাই অর্থাৎ ঘটনার দিন, সকাল ৬টা ও দুপুর দেড়টা নাগাদ ছেলের সঙ্গে তাদের কথা হয়। এরপর, দুপুর ৩টে ২৭ নাগাদ ছেলের মোবাইল থেকে একটি sms আসে । আর তাতে লেখা ছিল ‘টাটা’।আর তার কিছুক্ষণ পর ৩টে ৪১ নাগাদ পরের sms টি ঢোকে। যাতে লেখা ছিল-‘ ভাল থাকবে তোমরা’। তিনি তখন ওই মেসেজটি দেখেননি। এর ঠিক ৭ মিনিটের মাথায় অচেনা নম্বর থেকে একটি ফোন আসে,সেখানে বলা হয় ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে আপনাদের ছেলে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর ছেলের হস্টেলে ঢুকতে তাদের বাধা দেওয়া হয়। শুধু তাই নয় FIR করার জন্য থানায় যেতে চাইলেও সেখানে যে পুলিশ কর্মীরা ছিলেন, তারা তাদেরকে সাদা পাতায় অভিযোগ লিখতে বলেন। মৃত পড়ুয়ার বাবার দাবি -ছেলের মৃত্যুর খবর জানাতে কে ফোন করেছিলেন? কেনই বা তাদেরকে হস্টেলে যেতে দেওয়া হল না? ৩ দিন ধরে ওখানে বৃষ্টি হচ্ছিল,তবুও তাদের ছেলের পোশাকে কোনো কাদা-মাটি লাগেনি কেন?
এছাড়াও মৃত পড়ুয়ার বাবার আরও দাবি, নিরাপত্তারক্ষীরা জানিয়েছিলেন, দুপুরে সবাই বিশ্রাম নেওয়ায়, কোনও ছাত্র তাঁর সন্তানের মৃতদেহ দেখেনি। তাদের ছেলে ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। অথচ ছেলে যে ঘরে থাকত সেখানে কোন ব্যালকনিই ছিল না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, যখন সৌরদীপ ঝাঁপ দেয়, তখন তার হাতে ফোন ছিল। কিন্তু যে ফোন পরিবারের হাতে তুলে দেওয়া হয়, সেটি ১১ তলা থেকে পড়ার পরও কিভাবে তা অক্ষত ছিল? শুধু তাই নয় সৌরদীপের দেহ দেখে মনে হচ্ছিল তাকে মারা হয়েছে কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। সন্তান হারানোর শোক মিলিয়ে দিয়েছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর আর ভিনরাজ্য অসমকে। তিন পরিবারেরই এখন একটাই দাবি দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়।







