সোদপুরের তরুণী নির্যাতন মামলায় মূল অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগমকে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করল পুলিশ। আর সেই সময়েই ঘটে চাঞ্চল্যকর ঘটনা—আদালতের গেটের সামনেই প্রকাশ্যে তাকে থাপ্পড় মারলেন যুব তৃণমূল নেত্রী! ধৃত শ্বেতাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কোর্ট চত্বর। বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় হাওড়া থানার পুলিশকেও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, টানতে টানতে শ্বেতাকে এজলাসে নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ।
এর আগেই বুধবার রাতে দক্ষিণ কলকাতার আলিপুরের এক গোপন ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। সোদপুরের তরুণীকে যৌনপেশায় নামানোর প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি সেই তরুণী।
এই ঘটনায় ধৃত হয়েছে শ্বেতার ছেলে আরিয়ান খান, তার দিদা এবং এক সহযোগীও। বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের ফাঁদে ফেলা হত বলে অভিযোগ। এরপর শুরু হত ভয়ঙ্কর মাদকচক্র এবং যৌনপেশায় নামানোর চাপ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে এই ঘটনার গভীরে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গোটা শহর জুড়ে তৈরি হয়েছে চরম চাঞ্চল্য। অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নেমেছেন তৃণমূলের একাংশও। আর ঠিক সেই আবহেই শ্বেতা খানকে থাপ্পড় মারার ঘটনাটি রাজনীতির গন্ধও ছড়িয়ে দিল। এখন দেখার, এই মামলার পরবর্তী মোড় কোন দিকে ঘোরে।







