ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক অবশেষে ভারতের বাজারে প্রবেশের ছাড়পত্র পেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে ব্যবসার জন্য অনুমতি দিয়েছে। তবে এই পরিষেবার নাগাল পাবেন না দেশের সব মানুষ ১৫০ কোটির দেশে স্টারলিঙ্কের ইন্টারনেট সুবিধা প্রাথমিকভাবে সীমাবদ্ধ থাকবে মাত্র ২০ লক্ষ গ্রাহকের জন্য।
স্টারলিঙ্ক এখনও পরিষেবা চালু করেনি ভারতে, কিন্তু শীঘ্রই তা চালু হবে বলে ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর জানিয়েছেন, “স্টারলিঙ্ক প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহ করতে পারবে। এই পরিষেবা টেলিকম সংস্থাগুলোর জন্য কোনও হুমকি নয়।”
মন্ত্রীর মতে, যেহেতু স্টারলিঙ্ক ফাইবার নয়, বরং স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেয়, তাই দেশের দুর্গম বা প্রান্তিক এলাকাতেও এই পরিষেবা সহজেই পৌঁছনো সম্ভব। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়েও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কম। সেই কারণেই স্টারলিঙ্ক মূলত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের দিকে নজর দেবে, যেখানে আগে থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর একটা প্রভাব রয়েছে।
কিন্তু সীমিত সংখ্যায় গ্রাহক পরিষেবার সুযোগ পাচ্ছেন কেন? এক সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে স্টারলিঙ্কের ক্ষমতা সীমিত, এবং স্যাটেলাইট ইন্টারনেট চালাতে খরচও বেশ চড়া। বিশ্বজুড়ে ইতিমধ্যে ১০০টিরও বেশি দেশে স্টারলিঙ্ক চালু হয়েছে। ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও ভুটানেও এই পরিষেবা চালু রয়েছে, যেখানে মাসে গড়ে ৩,০০০ থেকে ৪,২০০ টাকা পর্যন্ত খরচ হয়।
ভারতে সেই খরচ মাসে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই প্রযুক্তিনির্ভর ইন্টারনেট মূলত নির্দিষ্ট শ্রেণির হাতেই সীমাবদ্ধ থাকবে, অন্তত শুরুর দিকে।







