মাসের পর মাস ধরে বলিউড মহলে কানাঘুষো চলছিল—পরিণীতি চোপড়া কি সত্যিই মা হতে চলেছেন? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বহুবার জল ঘোলা হলেও প্রতিবারই অভিনেত্রী সেই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন। কখনও ঢিলেঢালা পোশাক, কখনও আরামদায়ক কুর্তি—সবকিছুকেই দর্শকরা নতুন জল্পনায় রূপ দিয়েছিলেন। এমনকি একবার সোশ্যাল মিডিয়ায় রসিকতার সুরেই পরিণীতি লিখেছিলেন, ‘‘কাফতান মানেই গর্ভাবস্থা নয়!’’ কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করা ভক্তদের জন্য অবশেষে এল সুখবর।
সোমবার নিজের ইনস্টাগ্রামে ভ্যানিলা কেকের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। কেকের উপরে লেখা, “One + One = Three”। পাশে পরিণীতির আবেগঘন ক্যাপশন—“আমাদের ছোট্ট দুনিয়া আসতে চলেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।” ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন পরিণীতি। সেই বিয়ের প্রায় দুই বছর পরেই দম্পতির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যদিও সন্তান আগমনের নির্দিষ্ট সময় এখনো গোপন রেখেছেন দু’জনে। অভিনেত্রীর পোস্টের নিচে ইতিমধ্যেই ভক্ত, সহকর্মী ও রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছা ঝড় উঠেছে। বলিউডের আঙিনায় তাই এখন একটাই প্রতীক্ষা—চোপড়া–চড্ডা দম্পতির নতুন অতিথির প্রথম ঝলক কবে দেখা যাবে!







