নিজস্ব সংবাদদাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। বহু প্রত্যাশিত ড্রিম গার্ল ২ শুক্রবার মুক্তি পেলো বড়ো পর্দায়।দর্শকের মধ্যে সে ভাবে সাড়া ফেলতে পারেনি আয়ুষ্মান খুরানার শেষ চারটি ছবি। বলা যেতে পারে, ছবিগুলি এক প্রকার মুখ থুবড়েই পড়েছিল বক্স অফিসে।তাই সাফল্য পেতে এ বার সেই ‘স্বপ্নসুন্দরী’র উপর ভরসা করতে হল অভিনেতাকে। চূড়ান্ত কমেডি এবং তারকা খচিত কাস্টের সমন্বয়ে দর্শককে আনন্দ দিয়েছে এই ছবিটি। আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের অনবদ্য স্ক্রিন কেমিস্ট্রি এইজুটিকে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ড্রিমগার্ল’ ছবির দ্বিতীয় পর্ব এটি হলেও , সেই অর্থে ‘‘ড্রিমগার্ল ২’কে ঠিক সিক্যুয়েল বলা যায় না। যদিও প্রথম ছবির সঙ্গে সামান্য মিল রয়েছে এই ছবির প্রেক্ষাপটের। কয়েক জন ছাড়া দ্বিতীয় পর্বের ছবিতেও প্রথম পর্বের অভিনেতাদেরই দেখা গিয়েছে। ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশের মথুরার এক বেকার এবং গলা অবধি ঋণে ডুবে থাকা যুবককে নিয়ে। প্রেমিকার বাবার শর্তপূরণ করতে গিয়ে বিপাকে পড়তে হয় সেই যুবককে। টাকা রোজগারের জন্য মহিলার বেশভূষা ধারণ করে সে । বাকি গল্প সেই মহিলা চরিত্রকে বাঁচিয়ে রাখতে তৈরি হওয়া একের পর এক জটিলতা আর লুকোচুরিকে কেন্দ্র করে। তবে খুব একটা নতুনত্ব কিছু নেই।
‘ড্রিমগার্ল’-এর মতোই ‘ড্রিমগার্ল ২’ ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ সাণ্ডিল্য। প্রথম বারের মতো না হলেও সেই ভূমিকা তিনি মোটামুটি উতরে গিয়েছেন। তবে ছবির সম্পাদনা অত্যন্ত সাধারণ মানের।এই ছবিতে ‘দিল কা টেলিফোন’ ছাড়া মনে রাখার মতো তেমন কোনও গানও নেই।
ছকভাঙা চরিত্রে অভিনয় করেন বলে বলিপাড়ায় বেশ সুপরিচিত আয়ুষ্মান। এই ছবিতেও সে রকম কিছু দেখবেন বলে যদি কেউ প্রেক্ষাগৃহে যান, তা হলে তাঁকে ফিরতে হবে নিরাশ হয়ে। কারণ, শাড়ি পরে নারী চরিত্রে অভিনয় করা এর আগেও বহু ছবিতে দেখা গেছে।আয়ুষ্মানের ‘বালা’, ‘চণ্ডীগড় করে আশিকি’, ‘বধাই হো’ বা ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’-এর মতো সমাজের প্রতি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টাও নেই এই ছবিতে। বরং, অবসাদ (ডিপ্রেশন) এবং সমকামিতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বার্তা দিতে গিয়েও চালে ভুল করে ফেলেছেন নির্মাতারা। ছবির শেষ ১৫ মিনিট খুবই বিরক্তিকর।
এত নেগেটিভের ভিতর কেন দর্শক দেখতে যাবে ‘ড্রিমগার্ল ২’? আয়ুষ্মানের এই ছবির হিরো, অভিনয় এবং সংলাপ। এই দুইকে হাতিয়ার করেই বক্স অফিসের বৈতরণী পার করার চেষ্টা করেছেন ছবির নির্মাতারা। আয়ুষ্মান যে ভাল অভিনেতা তা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে এই ধরনের বোকা বোকা চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে তিনি অনবদ্য। আয়ুষ্মানকেও ছাপিয়ে অভিনয় করেছেন অনু কপূর, পরেশ রাওয়াল, সীমা পওয়া এবং রাজপাল যাদবও। দু’ঘণ্টা ধরে পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন আয়ুষ্মান এবং তাঁর সহ-অভিনেতারা।উল্লেখযোগ্য যে,নিজের ক্ষমতার বাইরে গিয়ে তুলনামূলক ভাবে ভাল অভিনয় করেছেন চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডেও। গোটা ছবির মধ্যে মেরেকেটে ২০-২৫ মিনিট পর্দায় মুখ দেখানোর সুযোগ পেয়েছেন তিনি। তার মধ্যেও যতটা ভাল অভিনয় করার চেষ্টা করা যায়, ততটাই তিনি করেছেন।
ড্রিমগার্ল’-এর মতোই ‘ড্রিমগার্ল ২’ ও নিছকই হাসির ছবি। যার পরতে পরতে রয়েছে মজা, হাস্যকর অঙ্গভঙ্গি, পেটে খিল ধরিয়ে দেওয়া সংলাপ। কোনও সমাজ সচেতনতার বার্তা, আঁতলামো, ছক ভাঙাভাঙির গল্প সেখানে পাওয়া যাবে না। হাসতে ইচ্ছা হলে ঢুকে ছবি দেখতে হবে। তবে মগজ বাইরে রেখে আসতে হবে। বেশি ভাবনাচিন্তা করতে গেলে হবে না।







