নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় প্রতিবেশীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। পাশাপাশি অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ২০২২ সালের ১ জানুয়ারির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ছয় বছরের শিশুটি বাড়িতে দিদার কাছে ছিল। কাজের কারণে তার বাবা-মা দু’জনেই বাড়ির বাইরে ছিলেন। বিকেলে বাড়ির সামনে খেলছিল শিশুটি। অভিযোগ, তাকে একা খেলতে দেখে প্রতিবেশী নিমাই প্রামাণিক নানা কথা বলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই শিশুটির উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
বাবা-মা বাড়ি ফেরার পর শিশুটি কান্নাকাটি করে তাঁদের গোটা ঘটনার কথা জানায়। এরপর শিশুটির মা সুনয়নী তরফদার তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তের দায়িত্ব পান তাহেরপুর থানার সাব-ইন্সপেক্টর তারিফ আজিজ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নিমাই প্রামাণিককে গ্রেফতার করে। তদন্ত শেষে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়।
সম্প্রতি মামলার রায় ঘোষণা করে আদালত। শিশুটির উপর যৌন নির্যাতনের অপরাধে নিমাই প্রামাণিককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে নাবালিকার প্রতি অপরাধের ক্ষেত্রে কঠোর বার্তাই উঠে এসেছে।







