রাজনীতিরাজ্য

বারুইপুর কাণ্ডে সরকারের পদক্ষেপের প্রশংসা, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় অরূপ বিশ্বাস

বারুইপুরের নাবালিকা খুন ও গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা রাজ্যে তীব্র ক্ষোভের আবহ, তখন সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি।

অরূপ বিশ্বাসের বক্তব্য, তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছেন। তাঁর কথায়, “যা ঠিক, তাকে ঠিকই বলতে হবে। বারুইপুরের ঘটনায় সরকার প্রথম থেকেই সক্রিয় হয়েছে। দ্রুত তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ—এসব ইতিবাচক পদক্ষেপ।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছেন, তাই সেই কাজের প্রশংসা করতেই হবে।

বারুইপুরের ঘটনাকে তিনি “অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়” বলে উল্লেখ করেন। তাঁর মতে, এমন অপরাধের ক্ষেত্রে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা উচিত নয় এবং দোষীদের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।

অন্যদিকে, এদিন মেসি-ইভেন্ট সংক্রান্ত তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অরূপ বিশ্বাস। তিনি জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন এবং আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে।

প্রসঙ্গত, বারুইপুরের নাবালিকা খুন ও গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.